বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


৫ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, রংপুরে এখনো শঙ্কা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৫৮ পিএম  (ভিজিট : ৭)
দেশের পাঁচ জেলায় চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বন্যা তথ্য কেন্দ্র। একই সঙ্গে রংপুরে বিভাগের তিন জেলায় তিস্তার পানি বিপৎসীমার ওপরে থাকায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী (দায়িত্বরত কর্মকর্তা) নুসরাত জাহান জেরিন স্বাক্ষরিত ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস'-এ এসব তথ্য জানানো হয়েছে।

বন্যার পূর্বাভাস

উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থেকে ধীরে ধীরে উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে উত্তরাঞ্চলীয় নীলফামারী ও লালমনিরহাট জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

তবে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে রংপুর বিভাগের কয়েকটি জেলায়।

আজকের বন্যা সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর জেলায় তিস্তা নদীর কাউনিয়া স্টেশনে সাময়িকভাবে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এ কারণে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

এ ছাড়া গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহ সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ কারণে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বিপৎসীমার ওপরে নদ-নদীর পানি

দেশের নদ-নদীর পাঁচটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা নদীর ডালিয়া (নীলফামারী); সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ); কুশিয়ারা নদীর মারকুলি (সুনামগঞ্জ); ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃষ্টিপাতের পূর্বাভাস

বৃষ্টিপাতের পূর্বাভাসে বন্যা তথ্য কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ও উজানে ভারতের আসাম, মেঘালয়, অরুনাচল ও পশ্চিমবঙ্গ প্রদেশে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাংশে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে—এমন অবস্থায় দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া কোথাও ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

সেই সঙ্গে দেশজুড়ে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

৮ জেলায় ৫৪ জনের মৃত্যু

বন্যা আক্রান্ত ৮ জেলায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানিয়ে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লাখের বেশি মানুষ। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]