বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


বিশ্বকাপে সবচেয়ে দামি সেমিফাইনাল ইংল্যান্ড-আর্জেন্টিনার
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:২৪ পিএম  (ভিজিট : ৭)
বিশ্বকাপের সেমিফাইনাল মানেই বাড়তি উন্মাদনা। তবে ২০২৬ বিশ্বকাপে সেই উন্মাদনাকে ছাড়িয়ে গেছে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা। সেকেন্ডারি মার্কেটে এই ম্যাচের টিকিটের দাম পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। যা অন্য সেমিফাইনাল ফ্রান্স-স্পেনের টিকিটের দ্বিগুণেরও বেশি। ফলে সবচেয়ে বেশি দামি সেমিফাইনাল হিসেবে নাম লিখিয়েছে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ। 

সেকেন্ডারি টিকিট মার্কেটে এই ম্যাচের সবচেয়ে কম দামের টিকিটের মূল্য এখন প্রায় ২ হাজার ৮৪১ মার্কিন ডলার। যে অর্থে একটি ম্যাকবুক প্রো কেনার পরও কিছু টাকা হাতে থেকে যেতে পারে।

অন্যদিকে বিশ্ব ফুটবলের দুই শীর্ষ দল ফ্রান্স ও স্পেনের সেমিফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য প্রায় ১ হাজার ৩২৫ মার্কিন ডলার। যা আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের অর্ধেকেরও কম।

গত তিন দিনে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম বেড়েছে ৩৪ শতাংশ। একপর্যায়ে সর্বনিম্ন মূল্য ২ হাজার ৯৬৬ ডলারে পৌঁছালেও পরে কিছুটা কমেছে।

বিপরীতে ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স-স্পেন সেমিফাইনালের টিকিটের দাম একই সময়ে ২৬ শতাংশ কমেছে।

ফুটবল বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের প্রতি বাড়তি আগ্রহের বড় কারণ দুই দলের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক ইতিহাস।

১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল, একই ম্যাচে তার অবিশ্বাস্য একক নৈপুণ্যের গোল কিংবা ১৯৯৮ বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের লাল কার্ড- দুই দলের বিশ্বকাপ ইতিহাসে রয়েছে অসংখ্য স্মরণীয় ঘটনা। সেই ইতিহাস এখনও সমর্থকদের আবেগকে উসকে দেয়।

এছাড়া ম্যাচের ভেন্যু আটলান্টায় আর্জেন্টাইন ফুটবল সমর্থকের সংখ্যাও তুলনামূলক বেশি। মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডের সঙ্গে সাবেক আর্জেন্টিনা কোচ জেরার্দো টাটা মার্টিনোর দীর্ঘ সম্পর্কও সেখানে আর্জেন্টাইন ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রেখেছে।

সব মিলিয়ে এই ম্যাচ মাঠে বসে দেখতে এখন একজন দর্শককে গুনতে হচ্ছে অন্তত ২ হাজার ৮৪১ ডলার।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]