মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


রোনালদোর কাছে ‘ইউরো ও বিশ্বকাপের তাৎপর্য একই’, যা বললেন অবসর নিয়ে
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৫৫ এএম  (ভিজিট : ২৭)

বিশ্বকাপ অধ্যায় শেষ হয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। রেকর্ড ষষ্ঠ আসর দিয়েই ফিফার এই মেগা ইভেন্টকে তিনি বিদায় বলে দিলেন। তবে এখনও হয়নি অবসরের সিদ্ধান্ত। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ে হতাশা লুকাননি সিআরসেভেন। একইসঙ্গে পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ ট্রফি ইউরো চ্যাম্পিয়নশিপকে আবারও বিশ্বকাপের সমান তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। 

রোনালদো ও পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে স্পেনের কাছে হৃদয়ভাঙা হারে। গতকাল (সোমবার) দিবাগত রাতে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে তাদের হারিয়েছে স্পেন। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রোনালদো বলেন, শেষ মুহূর্তে গোল পেতে স্পেনের ভাগ্যেরও কিছুটা সহায়তা ছিল। তার মতে, ম্যাচটি যেকোনো দিকেই যেতে পারত।

রোনালদো বলেন, ‘এভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে খুবই খারাপ লাগছে। আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। সাধ্যমতো চেষ্টা করেছি এবং বিবেকের কাছে আমি পরিষ্কার। হ্যাঁ, এটি আমার শেষ বিশ্বকাপ। এখন আমার ভাবার সময় থাকবে, পরিবারের সঙ্গে সময় কাটানোরও সুযোগ থাকবে। তবে আমি কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেব না।’

বিশ্বকাপের শেষ ম্যাচ খেললেও, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে এখনই কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চান না রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্যক্তিগত সিদ্ধান্ত দিয়ে দলের বিশ্বকাপ অভিযানকে ছাপিয়ে যেতে চান না বলেও জানান, ‘আমি আবেগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিই না। বিশ্বকাপ থেকে এভাবে বিদায় নেওয়া হতাশাজনক। তবে আমরা মাথা উঁচু করেই মাঠ ছাড়তে পারি।’

২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগ জয়ী পর্তুগাল দলের অন্যতম নায়ক রোনালদো। বিশ্বকাপ না জেতার আক্ষেপ নিয়ে ফিরলেও জাতীয় দলের হয়ে নিজের অবদান নিয়ে তিনি গর্বিত। রোনালদো বলেন, ‘আমি পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। ক্রিশ্চিয়ানো রোনালদোর আগে পর্তুগাল একটি শিরোপাও জেতেনি। আমার জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বড় শিরোপা ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। সত্যি বলতে আমার কাছে এর তাৎপর্য একটি বিশ্বকাপের সমান।’

আবার বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ে হতাশা লুকাননি রোনালদো, ‘বড় কোনো টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া সব সময়ই কষ্টের। এটি বিশ্বকাপ। আমার মনে হয় দল ঠিক ছন্দে চলে এসেছিল এবং আমরা ভালোই খেলেছি। ম্যাচটি যেকোনো দিকেই যেতে পারত, কিন্তু ফুটবল এমনই। আমাদের ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]