প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:২৭ পিএম
(ভিজিট : ৭)
মেক্সিকো সিটির বৈরি আবহাওয়া ঘিরে শেষ ষোলোর ম্যাচের সময়সূচি পরিবর্তনের জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আনছে না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে মেক্সিকো-ইংল্যান্ড এবং ব্রাজিল-নরওয়ের ম্যাচ।
গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল, সম্ভাব্য বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচটি এগিয়ে আনা হতে পারে। এতে একই দিনের অন্য ম্যাচগুলোর সূচিতেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল। বিশেষ করে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় নিয়েও নানা জল্পনা তৈরি হয়।
তবে সবদিক বিবেচনা করে ফিফা পূর্বনির্ধারিত সূচিই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) ভোর ৬টায় আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে মেক্সিকো ও ইংল্যান্ড। আর রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল ও নরওয়ে।
জানা যায়, আবহাওয়ার পরিস্থিতি নিয়ে ফিফা, মেক্সিকান ফুটবল ফেডারেশন এবং ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। সেখানে ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যার পরিবর্তে দুপুরে আয়োজনের প্রস্তাবও ওঠে। তবে ভ্রমণসূচি, সম্প্রচার পরিকল্পনা, স্টেডিয়াম পরিচালনা এবং অন্যান্য লজিস্টিক জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
জননিরাপত্তার বিষয়টিও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা ছিল, বৈরি আবহাওয়ার কারণে ম্যাচ গভীর রাতে শেষ হলে বিপুলসংখ্যক দর্শকের নিরাপদে স্টেডিয়াম ত্যাগ নিশ্চিত করা কঠিন হতে পারে। বিশ্বকাপ চলাকালে মেক্সিকোতে কয়েকটি ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনাও প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে।
বিশ্বকাপে মেক্সিকোর মাটিতে এটিই হবে শেষ ম্যাচ। এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে। তাই আবহাওয়া নিয়ে শঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে সব ধরনের জল্পনার অবসান ঘটিয়েছে ফিফা।