প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:১৮ পিএম
(ভিজিট : ১৬)
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনেই এক হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় এই অনুপস্থিতির তথ্য জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি, এই পাঁচ জেলা মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ৭৩ হাজার ৮৬৩ জন। এর মধ্যে প্রথম দিন মোট ১ হাজার ৩৪০ জন পরীক্ষায় অংশ নেননি। জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি অনুপস্থিতি ছিল চট্টগ্রাম জেলায় ৯৬৪ জন। এরপর কক্সবাজারে ২০৯ জন, বান্দরবানে ৭৫ জন, রাঙামাটিতে ৮৫ জন এবং খাগড়াছড়িতে সবচেয়ে কম, মাত্র ৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, পাঁচ জেলার মোট ১১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার ২৮৩টি কলেজ থেকে নতুন ও পুরাতন মিলিয়ে মোট ৯৯ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে দেখা যায় বিজ্ঞান বিভাগে মোট ২৩ হাজার ৯০৩ জন, এর মধ্যে ছাত্র ১১ হাজার ২৫৫ জন ও ছাত্রী ১২ হাজার ৬৪৮ জন, মানবিক বিভাগে মোট ৪৪ হাজার ২৩৮ জন, এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৩৪২ জন ও ছাত্রী ২৭ হাজার ৮৯৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ৩১ হাজার ৫৩৯ জন, এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৫৮৫ জন ও ছাত্রী ১৫ হাজার ৯৫৪ জন।
লক্ষণীয় বিষয় হলো, তিনটি বিভাগেই ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি, যা মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে বিশেষভাবে দৃশ্যমান।