প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:১৪ পিএম
(ভিজিট : ১০)
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মো. আজাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের এই ঘটনায় পুলিশ ইতোমধ্যে একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, অন্য একজন এখনও পলাতক।
নিহত আজাদের বাড়ি হামজারবাগ এলাকায়। পরিবারের ভাষ্য অনুযায়ী তিনি একটি স্টিলের দোকানে কারিগর হিসেবে কাজ করতেন। পুলিশের প্রাথমিক তথ্যমতে, বুধবার দুপুরে আজাদ তার দুই বন্ধু ইছা ও হৃদয়ের সঙ্গে ওই পরিত্যক্ত বাড়িতে গিয়েছিলেন ইয়াবা সেবন করতে। তাদের কাছে একটি পিস্তল ছিল। অভিযোগ, পিস্তলে গুলি ওঠানো-নামানোর সময় দুর্ঘটনাক্রমে গুলি লেগে আহত হন আজাদ।
গুরুতর আহত অবস্থায় বন্ধু ইছা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ইছাকে হেফাজতে নিয়ে ঘটনাস্থলে যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে ইছা প্রথমে ঘটনাটি অসুস্থতাজনিত বলে চালানোর চেষ্টা করেছিলেন এবং দাবি করেন গুলিবিদ্ধ হওয়ার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। তবে ওই বাসা থেকে আজাদের রক্তমাখা চাদর লুকিয়ে ফেলার প্রমাণ পাওয়া যাওয়ায় পুলিশ তার বক্তব্যকে অসংলগ্ন মনে করছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপনও জানিয়েছেন, পুরো ঘটনাটি তদন্ত সাপেক্ষ এবং বিষয়টি তাদের কাছে সন্দেহজনক ঠেকছে। যে বাড়িতে ঘটনা ঘটেছে, সেটি সাধারণত মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হয় বলে পুলিশের ধারণা।
এদিকে আজাদের পরিবার ইছা ও পলাতক হৃদয়ের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করেছে। পুলিশ বলছে, আদালতের অনুমতি নিয়ে ইছাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে আনা হবে এবং হৃদয়কে গ্রেপ্তার করা গেলে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।