বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহা জাদু’ দেখে অবাক হাবিব ওয়াহিদ
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:০৫ পিএম  (ভিজিট : ১৩)
আন্তর্জাতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জায়গা করে নিয়েছে বাংলাদেশের জনপ্রিয় একটি গান। মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর উপলক্ষে প্রকাশিত এক ভিডিওতে ব্যবহৃত হয়েছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের বহুল জনপ্রিয় গান ‘মহা জাদু’, যা নিয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন শিল্পী নিজেই।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি বিশেষ ভিডিও প্রকাশ করা হয়। 

প্রায় ২ মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক, রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ এবং বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমের মুহূর্ত তুলে ধরা হয়েছে।

তবে ভিডিওটির বিশেষ আকর্ষণ হয়ে ওঠে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেখানে ব্যবহার করা হয় ‘মহা জাদু’ গানটি, যা কোক স্টুডিও বাংলার মাধ্যমে নতুনভাবে শ্রোতাদের সামনে আসে।

মরমী সাধক দূরবিন শাহের শিষ্য লোককবি খোয়াজ মিয়ার লেখা গানটিতে নতুন সঙ্গীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাজিকিস্তানের শিল্পী মেহরনিগরি রুস্তম।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে হাবিব ওয়াহিদেরও। 

এ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিই।

দেখি অনেকেই আমাকে কিছু একটা লিংক পাঠিয়েছেন। কৌতূহল নিয়ে সেই লিংকে ক্লিক করি। তখন দেখি, দুই দেশের প্রধানমন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমার গান। আমি তো গানটি শুনে অবাক। এটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।

কারণ, তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। সেখানে দুটি দেশ জড়িয়ে রয়েছে। সেই ভিডিওতে আমার গানটি ব্যবহার করায় আমি সম্মানিত বোধ করছি। আমি লাকি। নিজেকে ভাগ্যবান মনে করছি।’ 
শিল্পী জানান, বিষয়টি সম্পর্কে আগে থেকে তাঁর কোনো ধারণাই ছিল না। হঠাৎ করেই ভিডিওটি দেখে বিস্মিত হয়েছেন তিনি।

হাবিব বলেন, ‘আমি কিছুই জানতাম না। কেউ আমার সঙ্গে এটা নিয়ে কথাও বলেনি। হঠাৎ লিংকে দেখে অবাক হয়ে গেছি। কারণ, আমি মোবাইলে ফেসবুক ব্যবহার করি না। ফেসবুকই বলা যায় ব্যবহার করি না।’ 

বাংলাদেশের একটি গান আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরের এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্থান পাওয়াকে অনেকেই দেশের সংগীতের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন। আর সেই অর্জনের অংশ হতে পেরে স্বাভাবিকভাবেই আনন্দিত দেশের জনপ্রিয় এই সংগীতশিল্পী। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]