প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৭:০২ পিএম (ভিজিট : ৯)
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্তপথে নারী শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদেরকে কাঁটাতারের এপারে বাংলাদেশ প্রান্তে ঠেলে দেওয়া হয়েছে। বর্তমানে তারা জিরো পয়েন্টে অবস্থান করছেন।
আজ রোববার (১৪ জুন) ভোর ৬টা ৪০মিনিটের দিকে ভারতের ঝালুরচর বিএসএফ ক্যাম্প থেকে শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তে শিশুসহ ৬ জন এবং সকাল ৭টার দিকে সীমান্তের ‘সুদুরটিলা’ ক্যাম্পের বিএসএফ সদস্যরা রৌমারী সদর ইউনিয়নের ইজলামারী সীমান্তে তিনজন পুশইনের চেষ্টা চালায়।
বিজিবি জানায়, গয়টাপাড়া সীমান্তে পথে এক নারী, দুই শিশু ও তিন যুবককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। অন্যদিকে ইজলামারী সীমান্ত পথে আরও তিন জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে পিছু হটে বিএসএফ। তবে ঠেলে দেওয়া ৯ জন কাঁটাতারের এপারে ভারতীয় ভূখণ্ডে জিরো পয়েন্টে অবস্থান করছে।
এদিকে সীমান্তে জড়ো করা ব্যক্তিদের বাংলাদেশের নাগরিক দাবি করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। বিজিবি তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছে বিজিবি-বিএসএফ। তবে কোনও সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
দুপুর ২টা পর্যন্ত পাওয়া খবরে সীমান্তে অস্থিরতা চলছে। ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধিসহ গ্রামবাসীরা অবস্থান নিয়েছে। এদিকে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।
জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সীমান্তে জনবল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। স্থানীয়রা বিজিবিকে সহায়তা করছে।
বিএসএফের পক্ষ থেকে ঠেলে দেওয়াদের বাংলাদেশি নাগরিক দাবি করা প্রসঙ্গে বিজিবি অধিনায়ক বলেন, তারা বাংলাদেশি কি না তা নিশ্চিত হতে পরিচয় যাচাই করা হচ্ছে। তারা বাংলাদেশি হলেও তাদেরকে আইনিভাবে পাঠাতে বলা হয়েছে বিএসএফকে।