বিরোধী দলের বিভিন্ন বটবাহিনী মিথ্যা সংবাদ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সাথে এগুলোর বিরুদ্ধে জেলা উপজেলা সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টায় ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপি সরকার ও দল গণমাধ্যম বান্ধব উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন- বিএনপি সরকার জন্মলগ্ন থেকেই গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে আসছে।
এছাড়া যেকোনো সংবাদের সত্যতা যাচাই বাছাই করে পরিবেশন করার আহ্বান জানিয়ে বলেন- এখন সংবাদমাধ্যম বিভিন্ন হয়ে গেছে। মেইনস্ট্রিম সংবাদমাধ্যম ছাড়াও, সামাজিক গণমাধ্যম কিন্তু একটা মেইনস্ট্রিমের গণমাধ্যম হিসেবে পরিণত হচ্ছে। পাশাপাশি মেইনস্ট্রিম গণমাধ্যমগুলোতে অনেক সময় মিস ইনফরমেশন (ভুল তথ্য) প্রকাশিত হচ্ছে৷ এআই ব্যবহার করে বিভিন্ন দল, বিরোধী দল ও বিরোধী মত বা যাকে পছন্দ না- তার বিরুদ্ধে বিষোদগার করে সংবাদ তৈরি করে অনেক সময় প্রকাশ করা হয়। সেগুলোর বিরুদ্ধে বিএনপি সরকার সোচ্চার আছে।
কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যবশত সেরকম আইন এখনও প্রণোয়ন হয়নি বা প্রণয়ন হলেও আইনের প্রয়োগ নেই- এ ধরনের তুচ্ছিল্য কারণ বন্ধ করতে। কারণ, একটা গুলিতেও মানুষকে ঘায়েল করা যায়, লাঠি দিয়েও ঘায়েল করা যায় আবার একটি মিথ্যা সংবাদ পরিবেশন করেও মানুষকে অপমানিত করা যায়। সুতরাং, এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। সত্যকে উদঘাটন করে যাচাই-বাছাই করে তারপর প্রকাশিত করতে হবে।
এছাড়া বিরোধী দলের বিভিন্ন বটবাহিনী মিথ্যা সংবাদ পরিবেশন করে ছড়াচ্ছে- এগুলোর বিরুদ্ধে জেলা ও উপজেলা সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
এর পূর্বে ফিতা কেটে ও দোয়ার মধ্য দিয়ে প্রেসক্লাবের ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে তাকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, ওসি মো. বাবলুর রহসান খান, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: সেলিম মোল্লা সহ প্রেসক্লাবের সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীবৃন্দ।