প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম
(ভিজিট : ৯)
আর্থিক জালিয়াতি, নথি জাল করা এবং নিয়ন্ত্রক বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে সরকার।
সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
তিনি বলেন, বিভিন্ন কারণে এসব সংস্থার নিবন্ধন বাতিল করা হয়েছে। এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়ন না করা, জাল স্বাক্ষর ব্যবহার করে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের শর্ত ভঙ্গ এবং প্রতারণার মাধ্যমে আগ্রহপত্র (এলওআই) জমা দেওয়ার মতো অভিযোগ রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এনজিওগুলোর নিবন্ধন ও নবায়ন কার্যক্রম তদারকির পাশাপাশি বিদেশি অনুদাননির্ভর প্রকল্প এবং সেগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে এনজিওবিষয়ক ব্যুরো।
তিনি আরও বলেন, কোনো সংস্থা অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সরকার তাদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।