বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : )
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ২৮ জনকে বিএসএফের পুশ ইন চেষ্টার ঘটনায় বিজিবি ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ের বৈঠকেও মনের পাথর গলেনি বিএসএফের। এর ফলে সীমান্তের শূন্য রেখায় রাতভর না খেয়ে, গরমে অতিষ্ঠ হয়ে এবং ঝুম বৃষ্টিতে অমানবিক জীবন পার করছেন ‘ওরা ২৮ জন’। এদিকে সীমান্ত এলাকায় স্থানীয় জনগণকে সাথে নিয়ে সতর্ক ও কঠোর অবস্থানের রয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুজ্জামান।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের জোয়ানরা এই পুশ-ইনের চেষ্টা চালায়। ভুক্তভোগী ২৮ জনের এই দলে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে বলেও জানা যায়।

এদিকে পুশ-ইনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাঙ্গাবাড়ি বিওপির একটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়। ফলে তারা সীমান্তের শূন্য লাইনে অবস্থান করে। এরপরে আজ দুপুরে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি বিএসএফকে স্পষ্ট জানায়, তারা কোনো ধরনের পুশ ইন মেনে নেবেন না। বাংলাদেশি কোনো নাগরিক ভারতে থেকে থাকলে তাদেরকে প্রয়োজনীয় আইন অনুযায়ী দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিলে সিদ্ধান্ত নেবে কিন্তু রাতের আঁধারে কাউকে পুশ ইন মেনে নেবে না বিজিবি।

বিএসএফ জানায়, তারা তাদের দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাদেরকে ভারতে ফেরত নেবে না। এর ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় পতাকা বৈঠক। এতে করে সীমান্তের শূন্য রেখায় ওই ২৮ জনকে থাকতে হয়। পরে বিজিবির অনুরোধে তাদের দুপুরের খাবার দেয় বিএসএফ।

এদিকে বিকেলের দিকে ঝুম বৃষ্টি নামে এবং সংবাদ লেখা পর্যন্ত অনবরত বৃষ্টি পড়ছে। এর ফলে আম গাছের নিচে বৃষ্টিতে ভিজতে হচ্ছে তাদেরকে। এই সময় শূন্য লাইন থেকে তাদের কান্নার আওয়াজও শুনতে পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, রাতে বিএসএফ জোর করে ২৮ জনকে পুশ ইন করার চেষ্টা করে। পরে বিজিবি তাদেরকে বাধা দেয়। সীমান্তের শূন্য লাইনে তারা মানবেতর জীবন পার করছে। বৃষ্টিতে ভিজে নাজেহাল অবস্থা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। তারা শুধু মুসলমান হওয়ার কারণে ভারতে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না।

আরেক স্থানীয় বাসিন্দা শামিম বলেন, আমরা বিজিবির সাথে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থায় আছি। কোনোভাবেই বিএসএফ এর অমানবিক আচরণ মেনে নেবো না।

স্থানীয় জনপ্রতিনিধি নাসিরুল ইসলাম জানান, গভীর রাত থেকে ২৮ জন ব্যক্তি শূন্য লাইনে আটকে আছে। বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশ ইন করতে চায় কিন্তু বিজিবি তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। এতে শূন্য লাইনে রাতভর তারা অবস্থান করছে। ভয় আর শঙ্কায় তাদের দিন পার হচ্ছে। খাওয়া দাওয়া ছাড়া এবং গরমে তাদের অমানবিক জীবন পার করতে হচ্ছে। 

অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুজ্জামান বলেন, গোমস্তাপুর সীমান্তে পুশ ইন এর ঘটনায় ২৮ জনকে আটকে দেওয়া হয়েছে। আমরা যাচাই বাছাই ছাড়া কোনোভাবেই পুশ ইন মেনে নেবো না, এই বার্তায় দেওয়া হয়েছে পতাকা বৈঠকে। তারা সীমান্ত এলাকা থেকে ২৮ জনকে না সরানো পর্যন্ত আমরা স্থানীয় জনগণকে সাথে নিয়ে সীমান্ত পাহারা দেবো। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

দুই পদ একসঙ্গে সামলানোর নজির রয়েছে : খ‌লিলুর রহমান
ঘুষের দায়ে ইন্দোনেশিয়ায় মন্ত্রী গ্রেপ্তার
পুলিশের কেউ ট্রাফিক আইন অমান্য করলে ব্যবস্থা : ডিএমপি কমিশনার
দর্শকদের ভালোবাসায় মুগ্ধ চিত্রনায়ক ডিএ তায়েব
ভ্যাট রিটার্ন দাখিলে আসছে ত্রৈমাসিক ব্যবস্থা
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : চলছে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি
কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]