প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৫:৫৯ পিএম (ভিজিট : )
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন)।
বুধবার (৩ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ১০টায় রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
গত ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে এ টুর্নামেন্টের খেলা শুরু হয়। দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এর মধ্যে বালক বিভাগে ৬৫ হাজার ৩৪২টি এবং বালিকা বিভাগে ৬৫ হাজার ৩২১টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।
ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা বা থানা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে গত ২৩ মে বিভাগীয় পর্বের খেলা শেষ হয়।
জাতীয় পর্যায়ে দেশের ৮ বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন ৮টি বালক ও ৮টি বালিকা দল, মোট ১৬টি দল অংশ নেবে। এ পর্যায়ের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব শুরু হবে।