সোমবার ৯ মার্চ ২০২৬ ২৫ ফাল্গুন ১৪৩২
 
শিরোনাম:


দ্বীনি শিক্ষায় অনন্য দৃষ্টান্ত: রমজানে করিম-বানু ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৭:৫৪ পিএম   (ভিজিট : )
পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আধ্যাত্মিক ও নৈতিক জাগরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে করিম-বানু ফাউন্ডেশন। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে শুরু হয়েছে সহীহ্ কোরআন ও নামাজ শিক্ষা কোর্স। ইতোমধ্যে ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দিয়েছে।

রমজানের বরকতময় পরিবেশে উপজেলার পাঁচটি কেন্দ্রে অভিজ্ঞ ক্বারী ও দ্বীনি শিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এ কার্যক্রম। শিক্ষার্থীদের সহীহ্ তাজবিদে কোরআন তিলাওয়াত, নামাজের ফরজ-ওয়াজিব, সুন্নাত, প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল এবং দৈনন্দিন ইবাদতের শুদ্ধ পদ্ধতি হাতে-কলমে শেখানো হচ্ছে।

শিশু থেকে প্রবীণ সবাই শিক্ষার্থী
এই সম্পূর্ণ বিনামূল্যের কোর্সে অংশগ্রহণ করছে শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও প্রবীণ নারী-পুরুষ। বিশেষভাবে লক্ষণীয়, বয়স্ক অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। জীবনের শেষ প্রান্তে এসে শুদ্ধভাবে কোরআন পড়া ও নামাজ আদায় শেখার সুযোগ পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ছেন।

পাঁচটি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে বয়স্কা মহিলা ও স্কুল-কলেজ পড়ুয়া তরুণীরা অংশ নিচ্ছেন। অপর তিনটি কেন্দ্রে বয়স্ক পুরুষ, স্কুল, উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। কেন্দ্রগুলো হলো, বীররামপুর ভাটিপাড়া কর্তাখালীর পাড় জামে মসজিদ, পৌর শহরের দরিরামপুরে মার্কাজুত তাহফিজ মাদরাসা, কানিহারী ইউনিয়নের জামতলা জামে মসজিদ, এলংজানি দারুল উলূম মাদরাসা ও কাকচর জামে মসজিদ।

শিক্ষার্থীদের অনুভূতি
কিশোর শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, ‘রমজান মাসে কোরআন শিখতে পারা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমরা নিয়মিত ক্লাস করছি এবং প্রতিদিন নতুন কিছু শিখছি।’

প্রবীণ শিক্ষার্থী নূরজাহান বলেন, ‘ছোটবেলায় মক্তবে কায়দা পড়েছি, তবে ভালোভাবে শেখার সুযোগ পাইনি। এখন বিনামূল্যে এমন সুন্দর ব্যবস্থাপনায় সহীহ্ করে কোরআন শিখতে পারছি এটা আল্লাহর বিশেষ রহমত।’
বৃদ্ধ শিক্ষার্থী আব্দুল জলিল জানান, ‘শুধু তিলাওয়াত নয়, নামাজের ভুলগুলোও সংশোধন করা হচ্ছে। এতে আত্মবিশ্বাস বেড়েছে।’

রামপুর ইউনিয়নের সমাজসেবক ফয়সাল আহমেদ মনে করেন, এ ধরনের উদ্যোগ সমাজে নৈতিকতা, শুদ্ধতা ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর ভাষায়, ‘তরুণ প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এমন সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ আরও প্রয়োজন।’

স্মরণে দুই মানবহিতৈষী
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মরহুম আব্দুল করিম (অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা)’র বিদেহী আত্মার মাগফিরাত ও হাছনা বানুর দীর্ঘ নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনায় এই মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরাও তাঁদের জন্য দোয়া করেন।

মাস শেষে পুরস্কার ও সনদ
মাসব্যাপী এই কোর্স শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণ, অগ্রগতি ও নিয়মিত উপস্থিতির ভিত্তিতে বিশেষ পুরস্কার ও সনদ প্রদান করা হবে। আয়োজকদের প্রত্যাশা, এর মাধ্যমে শিক্ষার্থীদের আগ্রহ ও উৎসাহ আরও বৃদ্ধি পাবে।

প্রতিষ্ঠাতার বক্তব্য
করিম-বানু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইউছুফ হোসাইন বলেন, ‘রমজান আত্মশুদ্ধি ও কোরআন নাযিলের মাস। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ সহীহ্ তিলাওয়াত শিখুক এবং শুদ্ধভাবে নামাজ আদায় করুক। এটি শুধু একটি কোর্স নয় এটি নৈতিক ও আত্মিক জাগরণের একটি প্রয়াস। আল্লাহর সন্তুষ্টিই আমাদের একমাত্র লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।’

আলোচনায় মানবিক ও ধর্মীয় জাগরণ
ত্রিশালজুড়ে এই উদ্যোগ এখন প্রশংসিত। ধর্মীয় চেতনা জাগ্রত করা, নতুন প্রজন্মকে শুদ্ধ দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয়ে করিম-বানু ফাউন্ডেশনের এ আয়োজন ইতোমধ্যে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। পবিত্র মাহে রমজানে কোরআনের আলোয় আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।








আরও খবর


 সর্বশেষ সংবাদ

৩৭ হাজার ৫৬৭ নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড ভাতা দেওয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী
পারস্পরিক সংস্কৃতির বিনিময় মানুষে-মানুষে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করে: সংস্কৃতি মন্ত্রী
ঈদের সিনেমার ট্রেলারের চেয়েও আমার কনটেন্ট বেশি সাড়া পাচ্ছে: জায়েদ খান
বাংলাদেশ থেকে মব সংস্কৃতি নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
‎সালথায় পেঁয়াজ বিক্রি করেই লোকসান গুনছেন কৃষকগণ, ‎উৎপাদন খরচ পাচ্ছেনা
চার জেলার স্বাস্থ্যসেবা দিচ্ছে শেরপুর সদর হাসপাতাল
সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন
দালাল ধরতে রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের বিশেষ অভিযান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com