ব্যাতিক্রমী প্রকাশনা ও সমাজের গল্পগুলো তুলে ধরার অনন্য প্ল্যাটফর্ম ক্রেয়ন ম্যাগের উদ্যোগে
২২ অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল হাতে লেখা চিঠির উৎসব অসময়ের ডাক।
এটি ছিল এক অভূতপূর্ব ইভেন্ট, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত বিরল। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনটি অক্টোবরের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত - তিনদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে। ডিজিটাল ক্ষেত্রে অগ্রগতির সঙ্গে সঙ্গে চিঠি লেখার মতো সনাতন প্রথা এখন বিলুপ্ত হবার পথে।ডাকপিয়নের বাইসাইকেলে চড়ে ক্রিং ক্রিং শব্দে হলুদ খামের চিঠি বিলি করার দিনগুলো এখন শুধুই স্মৃতি। এই ই-মেইল, ফ্যাক্স আর টেক্সট মেসেজ বা ক্ষুদে বার্তার যুগে কেউই আর চিঠি লেখেনা কাউকে। হাতে লেখা, ডাকে পাঠানো চিঠির চলই উঠে যাচ্ছে। এই প্রেক্ষাপটটি মাথায় রেখেই মূলত ক্রেয়ন ম্যাগ এই অন্যরকম চিঠি উৎসব অসময়ের ডাক; আয়োজন করার উদ্যোগ নিয়েছিল।
ক্রেয়ন ম্যাগের পক্ষ থেকে এই উৎসব উপলক্ষে চিঠি লেখার জন্য সবার প্রতি উন্মুক্ত আহবান জানানো হয়েছিল। এজন্য কিছু মনোনীত বিষয়েরও উল্লেখ করা হয়েছিল,যেমন-লিঙ্গ সমতা, মানসিক স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, শিক্ষা ব্যবস্থা, যুদ্ধ নয় শান্তি ইত্যাদি। আর সবশেষে আরেকটি উন্মুক্ত বিভাগ রাখা হয়েছিল যেখানে যে কেউ তার পছন্দমতো বিষয়ে যে কাউকে চিঠি লিখতে পারবে মনের মতো করে। এই বিভাগের নাম রাখা হয়েছিল তোমার স্বপ্ন। বলা হয়েছিল, এখানে যে কেউ তার স্বপ্ন নিয়ে বাবা-মা, পরিবারের অন্যান্য সদস্য, প্রিয় শহর, প্রিয় লেখক, বইয়ের কোন প্রিয় চরিত্রকে চিঠি লিখতে পারবে। চিঠি লেখার সুযোগ ছিল ভালোবাসার কোন মানুষ, আত্মীয়, দূরে থাকা বন্ধু এমন কি কাল্পনিক কোন চরিত্রকে। এমনও বলা হয়েছিল, অংশগ্রহণকারীরা চিঠি লিখতে পারবে কোন প্রিয় বস্তু আর সাহিত্য বা চলচ্চিত্রের কোন চরিত্রের উদ্দেশ্যেও।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় সংসদ সদস্য অ্যারোমা দত্ত। এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, টপ অফ মাইন্ডের সিএফও ও একজিকিউটিভ ডিরেক্টর লায়ন সালমা আদিল, এম জে এফ এবং লেখক ও সাহিত্যিক ভাস্কর চৌধুরী।
গত ২১ অক্টোবর, ২০২২ তারিখে এই তিনদিনব্যাপী উৎসব এক অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছিল৷ এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব আজরা মাহমুদ, আসন্ন এরিয়েসঃ দ্য বিগিনিং; নামক উপন্যাসের লেখক ও ইব্রাহিম সিকিউরিটিজ লিমিটেডের আইন বিষয়ক পরিচালক মানিজে ইব্রাহিম এবং ব্যারিস্টার অ্যাট ল ও পরিবর্তন করি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহসান ভুঁইয়া।
ক্রেয়ন ম্যাগের প্রতিষ্ঠাতা ও সিইও তানজিরাল দিলশাদ দ্বিতান এই চিঠি উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, হাতে লেখা চিঠি এমন একটি মাধ্যম যেখানে নিজের সকল ভাবনা ও না বলা কথাগুলোকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়। এতে থাকতে পারে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্যও। অথচ আজকের এই প্রযুক্তির উৎকর্ষের অস্থির সময়ে হাতে লেখা চিঠির প্রচলন বিলুপ্তির পথে। এই ভাবনা থেকেই ক্রেয়নম্যাগের এই ;অসময়ের ডাক; চিঠি উৎসব। এর মাধ্যমে আমরা হাতে লেখা চিঠির চিরন্তন আবেদনকে ফিরিয়ে আনতে চাই।এই ইভেন্টটির পৃষ্ঠপোষক ছিল দারাজ। উল্লেখ্য, অক্টোবরের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রেয়ন ম্যাগের এই ;অসময়ের ডাক; শীর্ষক চিঠির উৎসবে যোগ দেওয়ার আহবানে স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছিল সকলে। তাঁদের সবার পাঠানো চিঠি প্রদর্শিত হয়েছিল এই ইভেন্টের চিঠি প্রদর্শনীতে। এ থেকে নির্বাচিত চিঠির সংকলণ নিয়ে আগামী ২০২৩ এর বইমেলায় ক্রেয়ন ম্যাগ একটি বইও প্রকাশ করতে যাচ্ছে।