প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম
(ভিজিট : ২২)
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আসামিদের আপিলের রায় ঘোষণা করছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রায় ঘোষণা চলছে।
হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় বিচারিক আদালতে রায় ঘোষণার পর এবার উচ্চ আদালতেও দ্রুত নিষ্পত্তির পথে মামলাটি।
এর আগে গত সোমবার উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
মামলার নথি অনুযায়ী, পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় শিশু রামিসাকে ধর্ষণ করেন।
ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করেন সোহেল। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুর আর্তনাদ শুনলেও সেটি নিজের সন্তানের বলে বুঝতে পারেননি। পরে পাশের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় রামিসার খণ্ডিত মরদেহ।
এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গত ২১ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল।
গত ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন এক দিনেই ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী, মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন আসামিরা।
এদিকে রামিসার বাবা হাইকোর্টে উপস্থিত হয়ে নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার প্রত্যাশা জানিয়েছেন। দ্রুত বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ায় সরকার ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।