প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম
(ভিজিট : ৮)

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে কমিটির পঞ্চম বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৈঠকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম অংশ নেন।
এ ছাড়া আইনমন্ত্রী আসাদুজ্জামান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
গত ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হওয়ার ৬০ দিন পর চতুর্থ অধিবেশন শুরু হতে যাচ্ছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ওই অনুচ্ছেদের ক্ষমতাবলে সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে মাত্র নয়টি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এর আগে বাজেট অধিবেশনসহ দ্বিতীয় অধিবেশন ২৭ কার্যদিবস শেষে গত ১৫ জুলাই শেষ হয়। ওই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করে জাতীয় সংসদ।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। উদ্বোধনী অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা ৯১টি অধ্যাদেশসহ মোট ৯৪টি বিল পাস করেন সংসদ সদস্যরা।