বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২১ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


নির্বিষ স্পিন, ১৩১ রানের জুটি ভাঙলেন হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম  (ভিজিট : ৬)
২৭ রানে তিন উইকেট তুলে নিলেও বাংলাদেশকে পরের সময়টাতে ভুগিয়েছেন আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যাম। চতুর্থ উইকেটে দুজন মিলে ১৩১ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের শুরুর ধাক্কা সামলেছেন। দুই পেসার নিয়ে শুরুতে ব্রেকথ্রু পেয়েছিল বাংলাদেশ। মাঝে তিন স্পিনারকে আনলেও ক্রিজে সেভাবে সুবিধা না পাওয়ায় হাসান মাহমুদকে ফেরাতেই ভাঙল সেই জুটি। দুই সেশন শেষে ৪ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের সংগ্রহ ১৮০ রান।

সাম্প্রতিক সিরিজগুলোয় সিলেটে টেস্ট মানেই তিন পেসার নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে হেরে সিলেটে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে সিরিজ বাঁচাতে একাদশ সাজিয়েছে স্বাগতিক টিম ম্যানেজমেন্ট। টসের পর থেকেই এটি এখন পর্যন্ত আলোচিত ইস্যু। খেলায়ও তাসকিন আহমেদ ও হাসান যতটা সুযোগ তৈরি করছেন, তার ধারেকাছেও নেই স্পিনাররা। এমনকি সিলেটের পিচও তাদের সেভাবে সহায়তা করছে না! 

দ্রুত প্রথম ৩ উইকেট হারালেও পরবর্তী দুই ব্যাটার বাংলাদেশের গলার কাঁটা হয়ে ওঠেন। জাঙ্গুর সঙ্গে তাল মিলিয়ে অভিষিক্ত ব্যাটার উইকহ্যামও ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। তাকে বোল্ড করে দুজনের ১৩১ রানের জুটি ভাঙলেন হাসান। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলতে নেমে উইকহ্যাম ১৪৫ বলে ৫টি চারের সাহায্যে ৬১ রান করেছেন।

দ্বিতীয় সেশনের বিরতিতে যাওয়ার আগে অপরাজিত ব্যাটার জাঙ্গু ১২৪ বলে ৭১ রান করেছেন, তার ইনিংসে রয়েছে ৭ চার ও একটি ছক্কা। টেস্টে এটি তার দ্বিতীয় হাফসেঞ্চুরি, সেঞ্চুরি আছে একটি। ক্যারিবীয় দুই ব্যাটারই চড়াও হয়েছেন বাংলাদেশি পেসারদের ওপর, অবশ্য তারাই মূলত হুমকি হচ্ছিলেন ব্যাটারদের জন্য। মাঝে তিন স্পিনার মিলে ৩০ ওভার করেও উইকেট পাওয়ার মতো পরিস্থিতি আসেনি। মোট ২৫ ওভার করে দুটি করে শিকার ধরেছেন তাসকিন ও হাসান।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্রেন্ডন কিংকে ৯ রানে তাসকিন এবং ১ রানে কাভেম হজকে বোল্ড করেছেন হাসান। একবার জীবন পাওয়া জশুয়া ডি সিলভাকেও বেশিক্ষণ টিকতে দেননি তাসকিন, ১২ রানে ফিরিয়েছেন লেগ বিফোরের ফাঁদে ফেলে। সর্বশেষ উইকহ্যামও বোল্ড হলেন হাসানের লেন্থ ডেলিভারিতে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]