চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সভাপতির পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) পদত্যাগপত্র জমা দেওয়ার আগে স্বপন মাহমুদ তাঁর ব্যক্তিগত ও দলীয় কার্যালয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করেন।
সভায় উপস্থিত নেতাকর্মীরা তাঁদের মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় স্বপন মাহমুদের দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, নেতৃত্ব এবং আন্দোলন-সংগ্রামে তাঁর অবদানের প্রশংসা করেন তাঁরা।
মতবিনিময় সভায় নেতাকর্মীরা বলেন, স্বপন মাহমুদ দীর্ঘদিন ধরে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে ইউনিয়নের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীনও তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন বলে তাঁরা উল্লেখ করেন।
নেতাকর্মীরা আরও বলেন, স্বপন মাহমুদ সভাপতির পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেও দীর্ঘদিনের নেতৃত্ব ও সাংগঠনিক সম্পর্কের কারণে তাঁরা তাঁকে নিজেদের নেতা হিসেবেই মনে করেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য জেলা বিএনপি ও দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তাঁরা।
এ সময় নেতাকর্মীরা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী স্বপন মাহমুদকে যদি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে রাখা হয়, তাহলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টিও বিবেচনা করা উচিত। সভায় উপস্থিত নেতাকর্মীদের বক্তব্যে তাঁর প্রতি সমর্থন ও আস্থার বিষয়টি উঠে আসে।
স্বপন মাহমুদ বলেন, “দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই। সেই লক্ষ্যেই দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা এবং দলীয় নির্দেশনা ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এ পদক্ষেপ নিয়েছি। আমি বিশ্বাস করি, দল আমার প্রতি সদয় হবে এবং আমার দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দেবে।”
পদত্যাগপত্রে স্বপন মাহমুদ উল্লেখ করেন, ২০১৬ সাল থেকে তিনি ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ ২০২৫ সালের ২ মে কাউন্সিলের মাধ্যমে তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হন। দীর্ঘদিন দায়িত্ব পালনকালে হামলা ও মামলার শিকার হওয়া এবং নানা প্রতিকূলতার মধ্যেও দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।
পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, অতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে তিনি দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারও দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিজি, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, ইউনিয়ন বিএনপির সহসভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভা শেষে স্বপন মাহমুদ উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন এবং দলীয় সভাপতির পদ থেকে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি জানান।