প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম
(ভিজিট : ২৩)
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন সাংবাদিক, শিক্ষাবিদ ও সংগঠক মোহাম্মাদ আবদুল মতিন। গত ২৫ অক্টোবর, সিডনির রকডেলে রেড রোজ ফাংশন সেন্টারে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হন।নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় এবিজেএর সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, লেখক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিনা ফারুকি ওএএম এবং অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।
তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা, শিক্ষা ও কমিউনিটি সেবায় যুক্ত আবদুল মতিন বর্তমানে দৈনিক কালবেলার অস্ট্রেলিয়া কান্ট্রি এডিটর, অনলাইন সংবাদমাধ্যম বিদেশ-বাংলার সম্পাদক এবং রিলায়েবল কলেজ অব নার্সিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৮৯ সালে দৈনিক আজাদের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। ১৯৯১ সালে যোগ দেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে। পেশাগত জীবনে বাংলাদেশের সচিবালয়, জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বঙ্গভবনসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
অস্ট্রেলিয়ায়ও সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা ও কমিউনিটি উন্নয়নে ভূমিকা রাখছেন তিনি। কোভিড-১৯ মহামারিতে জনসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন কোভিড হিরো অ্যাওয়ার্ড ও প্যান্ডেমিক হিরো অ্যাওয়ার্ড।
পুনর্নির্বাচিত সভাপতি হিসেবে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিক-লেখকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তাঁর পুনর্নির্বাচনে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটি ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সংগঠন ও ব্যক্তিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।