ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, দীর্ঘস্থায়ী যানজট ও বিশৃঙ্খলা নিরসনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। মহাসড়কে অটোরিকশা ও থ্রি-হুইলারের চলাচল বন্ধে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী এক মাসের মধ্যে মহাসড়কের দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং তিন মাসের মধ্যে যানজটমুক্ত ত্রিশাল গড়ে তোলার লক্ষ্য ঘোষণা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘মহাসড়কে যানজট দূরীকরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।
ডা. লিটন বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো ধরনের অব্যবস্থাপনা বরদাশত করা হবে না। দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণে থ্রি-হুইলার চলাচল বন্ধ, অবৈধ দখল উচ্ছেদ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি জানান, ত্রিশাল পৌর এলাকায় অনুমোদনহীন অটোরিকশার চলাচল বন্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি আগামী ডিসেম্বর থেকে মহাসড়কসংলগ্ন সব সিএনজি স্টেশন থেকে টোল আদায় বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
সংসদ সদস্য বলেন, “ত্রিশালকে আধুনিক, নিরাপদ ও যানজটমুক্ত একটি মডেল শহরে রূপান্তর করাই আমাদের লক্ষ্য। প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় এই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।”
সভায় উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সুধীজন এ উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন এবং মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আনিছুর জামান, আওয়াল ফরাজী, আব্দুল মতিন, যুবদল নেতা জুয়েল মণ্ডল, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, শ্রমিক দলের সভাপতি ফিরোজ নুন, ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।