প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:২৪ পিএম
(ভিজিট : ১৯০)
গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রোমান (১৭) নামে দারাজের এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের কামারবাড়ী এলাকায় কালীগঞ্জ-টঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পার্সেল ডেলিভারি দিতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন রোমান। দুপুরে ডেলিভারি শেষে ফেরার পথে কালীগঞ্জ-টঙ্গী সড়কের কামারবাড়ী এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁর মোটরসাইকেলের সামনে চলে আসে। এ সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশে বারেক মিয়ার মুদি দোকানের ভেতরে সজোরে ঢুকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত রোমানের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।