বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্রের ৩ দিনের রিমান্ড
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:২২ পিএম  (ভিজিট : ২১)
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে নূরুজ্জামান মিন্টুকে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এর আগে মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়।

আদালত পুলিশ পরিদর্শক আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আদালতে নূরুজ্জামান মিন্টুর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তবে তিনি নিজেই আদালতে বক্তব্য দেওয়ার অনুমতি চান। অনুমতি পেয়ে মিন্টু দাবি করেন, তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং পুলিশ কোনো কিছু যাচাই না করেই তাকে গ্রেপ্তার দেখিয়েছে। তিনি সঠিক তদন্তের দাবি জানান।

মামলার তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে নাটোর জজ আদালতের আইনজীবী মুক্তার হোসেন সাংবাদিকদের বলেন, তদন্ত কর্মকর্তা আদালতে জানান, ঘটনাটি চাঞ্চল্যকর এবং আসামি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে কেউ সাহস পাচ্ছেন না। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়।

এর আগে সোমবার রাত ১০টার দিকে গুরুদাসপুর বাজারসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে নূরুজ্জামান মিন্টুকে আটক করে পুলিশ। পরে রাত ১২টার দিকে তাকে জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

নূরুজ্জামান মিন্টু গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

জেলা ডিবি পুলিশের ওসি মো. নজরুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় সোমবার রাতে মিন্টুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড মঞ্জুর করার পর তাকে আবার ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় খোয়ারপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।

গত ১৪ অক্টোবর রাতে স্থানীয় চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে শাকিল হামলার শিকার হন। পুলিশ ও দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি থেকে বাঁচতে দৌড় দিলে হামলাকারীরা তার পিছু নেয়। পরে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী এবং সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৯ অক্টোবর গুরুদাসপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন শাকিলের বাবা রবিউল করিম। ওই মামলায় নূরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকার হাসপাতালে বিএনপির নেতাকর্মীরা সংসদ সদস্য আবদুল আজিজকে অবরুদ্ধ করেন বলে দলীয় সূত্র জানিয়েছে। সেখানে মিন্টুকে গ্রেপ্তার এবং শাকিলের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। এরপরই মিন্টুকে আটক করা হয়।

মঙ্গলবার সকালে শাকিলের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যান সংসদ সদস্য আবদুল আজিজ। এ সময় তিনি বলেন, তার সন্তান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকেও বিচারের মুখোমুখি করা হবে।

শাকিলের বাবা রবিউল করিম পুলিশের বিরুদ্ধে মামলার শুরু থেকেই গাফিলতির অভিযোগ করেছেন। তার দাবি, ঘটনার পর আসামিদের গ্রেপ্তারে পুলিশের যথেষ্ট তৎপরতা ছিল না। এ ছাড়া তিনি এজাহারে আসামিদের নাম উল্লেখ করলেও মামলাটি অজ্ঞাতনামা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে অভিযোগ করেন।

এদিকে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আহমেদ বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে। অপরাধী যতই প্রভাবশালী হোক, তাকে ছাড় দেওয়া হবে না।

শাকিলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এশার নামাজের পর বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে চাঁচকৈড় পুড়ানপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]