বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


ফারজানা রুপার পক্ষে লড়তে চান দুই ব্রিটিশ আইনজীবী
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১:১৪ এএম  (ভিজিট : ১১)
সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে যুক্তরাজ্যের দুই আইনজীবীর অনুমতি চেয়ে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করা হয়েছে। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবী জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিক এ আবেদন করেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এ আবেদন করার কথা জানান তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক।

আবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারসের ওই দুই আইনজীবী গত ১ অক্টোবর ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন পাঠিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত থাকার অনুমতি চান। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় অনুমোদন দিতে বার কাউন্সিলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিদেশি আইনজীবী নিয়োগে আইনের বিধান
আবেদনে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধান উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এ যা-ই থাকুক না কেন, বার কাউন্সিলের পূর্বানুমতি সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো বিদেশি আইনজীবীকে দায়িত্ব পালনের অনুমতি দিতে পারেন। যুক্তিসংগত কারণ ছাড়া এ অনুমতি আটকে রাখা যাবে না বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারীর বক্তব্য অনুযায়ী, ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের আইনি কার্যক্রম পরিচালনার জন্য বার কাউন্সিলের অনুমোদন আবশ্যক। এ কারণে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর
আবেদনে বলা হয়েছে, সাংবাদিক ফারজানা রুপা বর্তমানে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা আড়াল করতে নথি তৈরির অভিযোগে করা মামলায় আটক রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন মামলাটিতে আগামী ১ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।

মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে আসায় দুই ব্রিটিশ আইনজীবীকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ফারজানা রুপার পক্ষে আইনি লড়াইয়ের সুযোগ দিতে জরুরি ভিত্তিতে অনুমোদন প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনের সঙ্গে ফারজানা রুপার পক্ষে দেওয়া ওকালতনামা, দুই ব্রিটিশ আইনজীবীর পাঠানো ই-মেইল, তাদের মূল আবেদনের অনুলিপি ও জীবনবৃত্তান্ত সংযুক্ত করা হয়েছে।

ন্যায়বিচারের স্বার্থে বিষয়টি দ্রুত বিবেচনা করে যুক্তরাজ্যের ওই দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে দায়িত্ব পালনের অনুমতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ব্যারিস্টার মাহবুব শফিক।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]