প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:৩০ পিএম
(ভিজিট : ২৬)
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুনসহ (২২) তিনজনের বিরুদ্ধে মামলা মামলা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে মামলাটি করেন হিরো আলম।
অন্য আসামিরা হলেন হিরো আলমের সহযোগী আহসান হাবিব সেলিম (৩০) ও মো. মহিদুল ইসলাম (২৮)।
হিরো আলমের পক্ষের আইনজীবী শান্তা সাকছিনা বলেন, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, সাবেক স্ত্রী সাথী খাতুন হিরো আলমের কাছে এসে তার মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেওয়ার অনুরোধ করেন। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাকে অর্থ দেন হিরো আলম।
গত ২২ আগস্ট ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পর সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার জন্য আরও দুই লাখ টাকা দাবি করেন।
অভিযোগে আরো বলা হয়, ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়। পরে ওই অর্থ ব্যাংকে জমা রাখার কথা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বীকার করেছেন। পরে ২৯ সেপ্টেম্বর সাথী খাতুনকে তালাক দেওয়ার পর তিন আসামি মিলে তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ১৬ অক্টোবর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম। আসামিরা ১২ অক্টোবর সামাজিক মাধ্যমে এসে সরাসরি বলেন, বাদীর জন্ম দিনের অনুষ্ঠানে জনসম্মুখে লাইভে এসে বিষ খাবে এবং বাদীকে জেলের ভাত খাওয়াবে মর্মে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।