প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:৫০ পিএম
(ভিজিট : ১৮)
ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বা পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগ দেওয়ার কয়েক মিনিট আগে তাঁকে নিজ বাসা থেকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এর আগে একই দিন জাতীয় পতাকা নিয়ে ‘তিরঙ্গা যাত্রা’ বের না করার নির্দেশ দিতে অভিজিৎ দিপকের নয়াদিল্লির বাসায় যায় দিল্লি পুলিশের একটি দল। শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি আয়োজন করেছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালায় যে বাড়িতে দিপকে অবস্থান করছিলেন, সেটি মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) নেতা ও মুখপাত্র অনীশ গাওয়ান্ডের। সেখানে গিয়ে পুলিশ তাঁকে কর্মসূচি বাতিল করার নির্দেশ দেয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কনট প্লেস এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। আইন মেনে চলার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার জন্য তাঁকে বলা হয়। দিপকে পুলিশের দেওয়া নোটিশ দেখলেও কর্মসূচি বাতিল করতে রাজি হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার দুপুরে এ-সংক্রান্ত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুলিশের পুরুষ ও নারী সদস্যদের একটি বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। প্রকাশিত একটি ছবিতে বসার ঘরে সোফায় বসা দিপকের মুখোমুখি একজন পুলিশ সদস্যকে কাগজপত্র হাতে দেখা যায়।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পুলিশ তখন দিপকেকে নোটিশ দিয়ে চলে যায়। পরে সিজেপির পক্ষ থেকে পুলিশ ও দিপকের কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করা হয়। এনডিটিভিও এ-সংক্রান্ত ছবি প্রকাশ করে প্রতিবেদন করে।
এরপরই দিপকেকে আটকের খবর সামনে আসে। তবে তাঁকে আটকের সুনির্দিষ্ট কারণ এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।