বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


ভিডিও গেম অবলম্বনে ‘স্ট্রিট ফাইটার’ আসছে সিনেপ্লেক্সে
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ পিএম  (ভিজিট : ১৮)

ভিডিও গেম অবলম্বনে নির্মিত সিনেমার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’, ‘রেসিডেন্ট ইভিল’ ও ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস’-এর সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় পর্দায় আসছে ক্যাপকমের জনপ্রিয় লড়াইয়ের গেম ‘স্ট্রিট ফাইটার’।

আগামী ১৬ অক্টোবর আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমাটি।

১৯৯৪ সালে জ্যঁ-ক্লদ ভ্যান ড্যাম অভিনীত ‘স্ট্রিট ফাইটার’ সিনেমার পর নতুন রূপে ফিরছে এই গেমভিত্তিক চলচ্চিত্র। নতুন সংস্করণে অভিনয় করেছেন নোয়া সেন্টিনিও, অ্যান্ড্রু কোজি ও জেসন মোমোয়া। সবুজ চামড়ার জনপ্রিয় চরিত্র ব্ল্যাঙ্কার ভূমিকায় দেখা যাবে মোমোয়াকে।

ছবিটি পরিচালনা করেছেন ‘ব্যাড ট্রিপ’ ও ‘দ্য এরিক আন্দ্রে শো’-এর নির্মাতা কিতাও সাকুরাই। প্রচলিত ভিডিও গেমভিত্তিক সিনেমার বাইরে নিজস্ব নির্মাণশৈলীতে কাজ করার স্বাধীনতা পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
‘স্ট্রিট ফাইটার’ মূলত জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত অ্যাকশন সিনেমা। কারাতে, কুংফু, বিভিন্ন ধরনের লড়াইয়ের কৌশল, শক্তিশালী যোদ্ধাদের দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র—সব মিলিয়ে তৈরি হয়েছে এর রোমাঞ্চকর জগৎ। গেমের পরিচিত চরিত্রগুলোকে বড় পর্দায় জীবন্ত করে তোলাই এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম আকর্ষণ।

সিনেমার কাহিনি শুরু হয় ১৯৯৩ সালের প্রেক্ষাপটে। একসময়ের ঘনিষ্ঠ দুই মার্শাল আর্ট যোদ্ধা রিউ ও কেন মাস্টার্স তখন পরস্পরের থেকে দূরে। এমন সময় রহস্যময়ী চুন-লি তাদের আবার লড়াইয়ের জগতে ফিরিয়ে আনে। অংশ নিতে হয় ‘ওয়ার্ল্ড ওয়ারিয়র টুর্নামেন্ট’ নামের এক ভয়ংকর আন্তর্জাতিক প্রতিযোগিতায়। তবে এই লড়াই কেবল শক্তি প্রদর্শনের নয়, এর আড়ালে রয়েছে প্রাণঘাতী ষড়যন্ত্র।

প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি রিউ ও কেনকে মুখোমুখি হতে হবে নিজেদের অতীত, ব্যক্তিগত দ্বন্দ্ব এবং একে অপরের বিরুদ্ধে দাঁড়ানোর পরিস্থিতির। দুই যোদ্ধার সম্পর্ক, টুর্নামেন্টের উত্তেজনা ও শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলার মধ্য দিয়ে এগিয়ে যাবে গল্প।

সিনেমাটির অন্যতম আকর্ষণ বাস্তবধর্মী মার্শাল আর্টের লড়াই। কারাতে, কুংফু, দ্রুতগতির লাথি-ঘুষির পাশাপাশি গেমের পরিচিত আক্রমণগুলোও বড় পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। রিউ, কেন, ব্ল্যাঙ্কা, ধালসিম, গাইল ও আকুমার মতো চরিত্রগুলোর নিজস্ব লড়াইয়ের ধরন দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে।

নির্মাতারা ১৯৯০-এর দশকের আর্কেড গেমের রঙিন পরিবেশ ও নস্টালজিয়াকে আধুনিক সিনেমার অ্যাকশনের সঙ্গে মেলানোর চেষ্টা করেছেন। গেমের পুরোনো আবহের সঙ্গে নতুন সময়ের দৃশ্যায়নের এই মিশ্রণ ভক্তদের কাছে বিশেষ আবেদন তৈরি করতে পারে।

তারকাদের উপস্থিতিও সিনেমাটিকে ঘিরে আগ্রহ বাড়িয়েছে। জেসন মোমোয়া ও নোয়া সেন্টিনিওর পাশাপাশি রয়েছেন রোমান রেইন্স। এ ছাড়া ভারতীয় অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়ালকে দেখা যাবে ধালসিমের চরিত্রে। গেমের এই পরিচিত চরিত্রটি যোগীসুলভ ক্ষমতা ও লড়াইয়ের কৌশলের জন্য বিশেষভাবে পরিচিত। ফলে হলিউডের পর্দায় বিদ্যুৎ জামওয়ালের অ্যাকশন দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।

সব মিলিয়ে পরিচিত চরিত্র, মার্শাল আর্টের উত্তেজনা, তারকাদের উপস্থিতি ও ভিডিও গেমের নস্টালজিয়া—সবকিছু মিলিয়ে ‘স্ট্রিট ফাইটার’ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। আগামী ১৬ অক্টোবর বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি কেমন সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]