প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:৩৫ পিএম
(ভিজিট : ১৭)
বহুল আলোচিত ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ চলচ্চিত্রের নতুন পর্ব ‘দ্য সোশ্যাল রেকনিং’ বক্স অফিসে হতাশাজনক সূচনা করেছে। বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেওয়া আগের ছবিটি মুক্তির প্রথম সপ্তাহের শেষে বড় সাফল্য পেলেও, অ্যারন সোরকিন পরিচালিত নতুন সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে মাতাতে ব্যর্থ হয়েছে।
প্রথম সপ্তাহান্তে ছবিটির আয় দাঁড়িয়েছে মাত্র ৫.৫ মিলিয়ন (৫৫ লাখ) ডলারে, যা র্যাঙ্কিংয়ে এটিকে পঞ্চম স্থানে ঠেলে দিয়েছে। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ধারণা করা হয়েছিল ছবিটি শুরুতে অন্তত ৭ থেকে ৮ মিলিয়ন ডলার আয় করবে।
২০১০ সালে মুক্তি পাওয়া এর প্রথম পর্বটি আটটি অস্কার মনোনয়ন পেয়েছিল। তিনটি অস্কার জেতা সেই প্রথম ছবিটির মোট নির্মাণ খরচ ছিল ৪০ মিলিয়ন ডলার, আর বিশ্বজুড়ে ব্যবসা করেছিল প্রায় ২২৪ মিলিয়ন ডলার। সে তুলনায় ৩০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি নতুন পর্বটি দর্শক টানতে হিমশিম খাচ্ছে।
নতুন ছবি ‘দ্য সোশ্যাল রেকনিং’-কে নির্মাতারা সরাসরি সিক্যুয়েলের বদলে একটি ‘পরিপূরক কাজ’ হিসেবে উল্লেখ করেছেন। প্রথম ছবির পরিচালক ডেভিড ফিঞ্চার এতে ছিলেন না। পাশাপাশি, মার্ক জাকারবার্গের মূল চরিত্রে আগে অভিনয় করা জেসি আইজেনবার্গ এবার যুক্ত না হওয়ায় সেই চরিত্রে অভিনয় করেছেন জেরেমি স্ট্রং।
ছবির গল্প জাকারবার্গের উত্থানের বদলে ফেসবুকের অভ্যন্তরীণ তথ্য ফাঁসকারী (হুইসেলব্লোয়ার) ফ্রান্সেস হাউগেন ও একজন সাংবাদিকের তদন্তকে কেন্দ্র করে থ্রিলার ধাঁচে নির্মিত হয়েছে। তবে সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। রটেন টমেটোজে এর রেটিং মাত্র ৫৪ শতাংশ এবং সিনেমাস্কোর জরিপে এটি পেয়েছে ‘বি-’ গ্রেড।
বক্স অফিসের শীর্ষ স্থান দখল করেছে হরর চলচ্চিত্র ‘আদার মমি’, যেটি খারাপ রিভিউ পাওয়া সত্ত্বেও ২৭.৫ মিলিয়ন ডলার আয় করে চমক দেখিয়েছে। দ্বিতীয় স্থানে আছে অ্যান হ্যাথাওয়ে ও ডাকোটা জনসন অভিনীত ‘ভেরিটি’ (১ কোটি ১৪ লাখ ডলার)।