ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি, লুঙ্গি ও অন্যান্য উপহারসামগ্রী বিতরণ করেছেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান। শনিবার (১০ অক্টোবর) ভালুকা বাজারে উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাতেম খান বলেন, দীর্ঘদিন ধরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছেন এবং আজীবন তাঁদের সেবা করতে চান। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের পাশে আছি এবং আজীবন পাশে থাকতে চাই। আপনারা যদি আমাকে পাশে রাখেন, ইনশা আল্লাহ আমি আমার স্বার্থের ঊর্ধ্বে গিয়ে এই সেবাটি করে যাব।’
আগামী নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে হাতেম খান বলেন, মানুষ যাকে পছন্দ করবেন, তাঁকেই ভোট দেবেন। তবে জনগণের সেবা করার সুযোগ পেলে আরও বড় পরিসরে কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
হাতেম খান বলেন, ‘আপনারা আমাকে খেদমত করার মতো একটা সুযোগ দিলে হয়তো আমি এমনিতেই আপনাদের সেবা করছি, কিন্তু কলম থাকলে এবং চেয়ার থাকলে সেবাটা একটু বাড়িয়ে করা যাবে।’
বক্তব্যে ভালুকার বিভিন্ন মন্দিরের সমস্যা সমাধানে নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন হাতেম খান। তিনি জানান, পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের একটি মন্দিরের ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। অন্য একটি মন্দিরের শৌচাগার, মঞ্চ ও গোসলের স্থান নির্মাণের কাজও শেষ পর্যায়ে রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ, আহ্বায়ক জহির রায়হান ও সাইদুর রহমান।পৌর তাঁতী দলের আহ্বায়ক আব্দুস সামাদ, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমিনুল ইসলাম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার ও সভাপতি নাসরিন সুলতানা চায়না,
এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পৌর শাখার সভাপতি প্রদীপ বণিক ও সাধারণ সম্পাদক অসীম কুমার মোদক এবং পূজা উদ্যাপন ফ্রন্টের পৌর শাখার সভাপতি মিঠু বণিকসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১ হাজার ৪০০ জনের জন্য উপহারসামগ্রী রাখা হয়। এর মধ্যে ৮৭০টি শাড়ি, ৫৩০টি লুঙ্গি এবং ৩০০টি অন্যান্য উপহারসামগ্রী রয়েছে। মোট ১৭০০ টি উপহার বিতরণ করা হয়।