প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৫:০৮ পিএম
(ভিজিট : ১৬)

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার (১০ অক্টোবর) নয়াদিল্লির যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্রসংগঠন। এ কর্মসূচিকে ঘিরে রাজধানীতে যানজট ও নিরাপত্তাজনিত পরিস্থিতির আশঙ্কায় নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনগামী একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় রেল।
শুক্রবার প্রকাশিত রেলের এক নির্দেশিকায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শুক্রবার দুপুর ২টার পর যাত্রার প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন ট্রেনগুলো বাতিল করা হবে।
রেলের কোচিং ডিরেক্টরেটের নির্দেশিকায় বলা হয়েছে, ওই দুই স্টেশনের আশপাশের সড়কে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় ট্রেন চলাচল নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ও শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। শুক্রবার যাত্রা শুরু করার কথা ছিল ট্রেন দুটির।
তবে ট্রেন বাতিলের সিদ্ধান্তের সঙ্গে যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচির সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা রেলের নির্দেশিকায় স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।