বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


চ্যাটজিপিটিকে পেছনে ফেলল মেটার ‘মিউজ’
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম  (ভিজিট : ১৩)
বাজারে আসার পর প্রথম ১২ দিনেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘মিউজ’ দিয়ে চমক দেখিয়েছে মেটা। বাজার গবেষণাপ্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার নতুন হিসাব বলছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজের আইওএস সংস্করণ ডাউনলোড হয়েছে প্রায় ১৮ লাখ বার।

একই সময়ের মধ্যে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ ডাউনলোড হয়েছিল প্রায় ১৩ লাখ বার।

তবে দুই অ্যাপের তুলনায় একটি বিষয় গুরুত্বপূর্ণ। মিউজ বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায় ব্যবহার করা যাচ্ছে, আর চ্যাটজিপিটির মোবাইল অ্যাপ শুরু থেকেই আরো বিস্তৃত অঞ্চলে চালু হয়েছিল। তাই তুলনাটি কাছাকাছি রাখতে অ্যাপটোপিয়া শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার আইওএস ডাউনলোডের তথ্য ব্যবহার করেছে।

অ্যাপটোপিয়ার হিসাবে, মিউজ বাজারে আসার প্রথম ১২ দিনেই বিশ্বজুড়ে প্রায় ২৮ লাখবার ইনস্টল হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরের বিনামূল্যের অ্যাপের তালিকায় শীর্ষস্থানেও উঠে এসেছে মিউজ।
শুধু ডাউনলোড নয়, প্রতিদিনের ব্যবহারেও এগিয়ে আছে মেটার এই এআই অ্যাপ। প্রথম ১২ দিনের একই সময়ের হিসাবে মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ৬ লাখ ৪২ হাজার।

বিপরীতে চ্যাটজিপিটির ছিল প্রায় ২ লাখ ৩১ হাজার। মিউজের শুধু আইওএস সংস্করণেই দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল আনুমানিক ৩ লাখ ৫৯ হাজার, যা ওই সময়ে চ্যাটজিপিটির মোট দৈনিক সক্রিয় ব্যবহারকারীর চেয়েও বেশি।
মিউজের দ্রুত জনপ্রিয়তার পেছনে মেটার বিশাল সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্ক বড় ভূমিকা রাখতে পারে। অ্যাপটি ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো মেটার বিভিন্ন সেবার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রাখে। অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, মিউজের প্রাথমিক ব্যবহারকারীদের ৯৫ শতাংশের বেশি ফেসবুক ব্যবহার করেন, আর ৬৩ শতাংশ ইনস্টাগ্রাম ব্যবহারকারী।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]