শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি না করে, বাংলাদেশের বার্তা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম  (ভিজিট : ১৬)
ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

এ বৈঠকে দুই দেশের সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং উভয় দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধে উপস্থিত ছিলেন।

দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার ওপর জোর দেওয়া হয় বৈঠকে। এছাড়া পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয়পক্ষই একমত হয়। একইসঙ্গে বিদ্যমান সমস্যা বা চ্যালেঞ্জগুলো পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়ে আলোচনাকালে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বৈঠকে উভয়পক্ষ বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানা সম্ভাবনাময় ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]