প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৮ পিএম
(ভিজিট : ৭)
গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে মাওলানা সাদ অনুসারীদের জন্য ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করাসহ সাত দফা দাবি জানিয়েছেন মাওলানা সাদ অনুসারীরা।
রবিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুরুল ইসলাম হলে ‘ওলামা হজরত ও তাবলিগের সাধারণ মুসল্লিদের’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শফিক বিন নাঈম।
৭ দফা দাবি হলো :
১. টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ অনুসারীদের জন্য আগামী বিশ্ব ইজতেমার তারিখ অনতিবিলম্বে ঘোষণা করা।
২. টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান সরকারের নিয়ন্ত্রনে এনে উভয় পক্ষের ইজতেমা ও ধর্মীয় অনুষ্ঠানের সময় তা ব্যবহারের অনুমতি দেওয়া। এ ক্ষেত্রে পক্ষদ্বয়ের মধ্যে সমতা নিশ্চিত করা।
৩. কাকরাইল মসজিদ ‘তাবলিগ জামাত বাংলাদেশ’-এর হিসেবে আমাদের প্রাপ্য। সুতরাং সেটি আমাদের বুঝিয়ে দেওয়া।
৪. বাংলাদেশের সব মসজিদে যাতে বাধাহীনভাবে দাওয়াত ও তাবলিগের কাজ চলতে পারে এবং কেউ কাউকে বাধা প্রদান না করে সে জন্য সরকারি আদেশ জারি করা।
৫. অপপ্রচার ও মিথ্যাচার রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
৬. জুবায়েরপন্থী পাঁচজন সব অপপ্রচার, মিথ্যাচার ও দুর্ঘটনার জন্য দায়ী। এই পাঁচজনের আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ ও মোবাইল ট্র্যাকিং করে সমস্ত অপকর্মের মূলোৎপাটন করা।
৭. হজরত মাওলানা সাদ একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দ্বীন ইসলামের প্রচারক। তিনি হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর ৩৮তম বংশধর। তিনি কোরআন-সুন্নাহবিরোধী কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে আমরা সমালোচকদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আছি।