মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


শেষ ওভারে স্বপ্নভঙ্গ, সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:১২ পিএম  (ভিজিট : ১৯)
 
লিগ পর্বে ছয় ম্যাচের পাঁচটিতেই দাপুটে জয়। টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিট হিসেবেই সেমিফাইনালের মঞ্চে নেমেছিল বাংলাদেশ এইচপি (হাই পারফরম্যান্স) ইউনিট।

কিন্তু নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটারদের চরম ব্যর্থতায় গুঁড়িয়ে গেল সব সমীকরণ। মাত্র ১০১ রানে অলআউট হওয়ার পর বোলারদের বীরত্বপূর্ণ ও রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যাচ জমলেও শেষ রক্ষা হয়নি। শেষ ওভারের চরম রোমাঞ্চে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির কাছে মাত্র ১ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ।
১০২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভিক্টোরিয়া।

একপর্যায়ে ৪ উইকেটে ৭৫ রান তুলে সহজ জয়ের পথেই হাঁটছিল তারা। কিন্তু সেখান থেকেই অলৌকিক প্রত্যাবর্তনের গল্প লিখতে শুরু করেন বাংলাদেশের বোলাররা। দারুণ সব ডেলিভারিতে ২৪ রানের ব্যবধানে চার ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরিয়ে ম্যাচ জমান বোলাররা।
ম্যাচ গড়ায় শেষ ওভারে।

ভিক্টোরিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১ রান, আর ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ছিল দুটি উইকেট। প্রথম বলেই দারুণ এক রান আউটে টড মার্ফি বিদায় নিলে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। পরের দুই বলে ডট দিলে ঘনীভূত হয় সুপার ওভারের সম্ভাবনা। কিন্তু সেই আশায় জল ঢেলে দেন লিয়াম ব্ল্যাকফোর্ড। ওভারের চতুর্থ বলে পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দুই বল হাতে রেখেই ভিক্টোরিয়ার জয় নিশ্চিত করেন এই বাঁহাতি ব্যাটার।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে বিস্ফোরক সূচনা এনে দিয়েছিলেন জিসান আলম ও আরিফুল ইসলাম। হাবিবুর রহমান সোহান দ্রুত ফিরলেও পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫৬ রান তোলে এইচপি দল। কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

জিসান ২০ বলে ৩০ রান ও আরিফুল ১০ বলে ১৯ রান করে বিদায় নেওয়ার পর মিডল অর্ডারের আর কেউ হাল ধরতে পারেননি। সাব্বির রহমান ৫ রান করে ফিরে গেলে ধস নামে ব্যাটিংয়ে। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইনের ১০ এবং আবু হায়দার রনির ১২ রানের সৌজন্যে কোনোমতে ১০০ পার করে দল। ভিক্টোরিয়ার হয়ে বল হাতে একাই ৪ উইকেট নেন উইল সাদারল্যান্ড।

ছোট পুঁজি রক্ষা করতে নেমেও হাল ছাড়েননি এইচপির বোলাররা। বল হাতে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন স্পিনার মোহাম্মদ রুবেল। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ৩টি মূল্যবান উইকেট নেন এই স্পিনার। চলতি টুর্নামেন্টে মোট ২৩ উইকেট নিয়ে পথচলা শেষ করলেন তিনি। 

এ ছাড়া শামীম হোসেন ১৮ রানে ২ উইকেট এবং আবু হায়দার রনি ১৬ রানে ১ উইকেট নিয়ে ভিক্টোরিয়াকে কোণঠাসা করে ফেলেছিলেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]