প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:৩২ পিএম
(ভিজিট : ১৭)
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘খুব শিগগিরই আমরা নতুন নীতিমালা প্রণয়ন করব। সেই নীতিমালার আলোকে কর্মকর্তার-কর্মচারীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালনা করবে।
প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।’
রবিবার সকালে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান সহায়ক হবে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার।’
বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার শীর্ষক দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষার বরিশালের বিভাগীয় উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, উপ-সচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।
এ সময় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।