প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:৪২ পিএম
(ভিজিট : ৪)
রাজধানীতে নারী যাত্রীদের জন্য ‘পিংক বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে এই বিশেষ বাসসেবা চালু হবে।
নারীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে সরকারের নির্বাচনী ইশতেহারে গণপরিবহন খাতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেও এই সেবা চালু করা হচ্ছে।
বিআরটিসি জানিয়েছে, পিংক বাস সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো—সব বাস পরিচালনা করবেন নারী চালক ও নারী কন্ডাক্টর। এর মাধ্যমে নারীদের জন্য নিরাপদ যাতায়াতের পরিবেশ তৈরির পাশাপাশি পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হবে।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও ট্রাক ডিপো প্রাঙ্গণে পিংক বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রাবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
প্রতিদিন রাজধানীর গণপরিবহনের ওপর নির্ভর করেন বিপুলসংখ্যক নারী। কর্মসংস্থান, শিক্ষা ও ব্যবসাসহ নানা প্রয়োজনে তাদের নিয়মিত চলাচল করতে হয়। তাই ঘনবসতিপূর্ণ রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে নারীদের দৈনন্দিন যাতায়াতের ভোগান্তি কমাতে এই বিশেষ বাসসেবা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে বিআরটিসি।
বিশেষ করে ব্যস্ত সময়ে নারীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার প্রত্যাশা করছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটি। পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টর নিয়োগের মাধ্যমে পরিবহন খাতে নারীদের নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।