প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:৩৫ পিএম
(ভিজিট : ১৩)
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকায় দিনদুপুরে যাত্রীবাহী বাস থামিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বিকাশের তিন সেলসম্যানের কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ডাকাতদের গুলি ও মারধরে তিনজন আহত হয়েছেন। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন মো. আরমান (২৪), সাকিব (২১) ও একরাম (২২)। তারা সবাই টেকনাফ পৌরসভার বাসিন্দা এবং বিকাশের টেকনাফ এজেন্সির সেলসম্যান হিসেবে কর্মরত।
রবিবার (২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে টেকনাফ স্থলবন্দরের উত্তরে ১৪ নম্বর সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
বাসচালক ও প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাত দিয়ে ওসি মো. সাইফুল ইসলাম জানান, পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। ১৪ নম্বর সেতু এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সড়কে পেরেকযুক্ত গাছ ফেলে বাসটির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে বাসে উঠে বিকাশের তিন কর্মীকে মারধর ও গুলি করে তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। বিকাশের ওই তিন কর্মী টেকনাফের সীমান্ত ব্যাংক থেকে টাকা উত্তোলন করে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন এজেন্টের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তাদের কাছে প্রায় ৫৭ লাখ টাকা ছিল বলে দাবি তাদের।
ওসি আরও বলেন, কক্সবাজারগামী একটি বাস থামিয়ে বিকাশ কর্মীদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে লুট হওয়া টাকার সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
এদিকে, ঘটনাস্থলে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের যৌথ দল কাজ করছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।