স্বর্ণের আকাশছোঁয়া দাম এবং নানা ধরনের আধুনিক ডিজাইনের কারণে বর্তমানে রূপার গয়নার জনপ্রিয়তা বেড়েছে। হালকা স্টেটমেন্ট জুয়েলারি থেকে শুরু করে সাবেকি নকশা—সব ধরনের সাজেই রূপার গয়না এনে দেয় আলাদা আভিজাত্য।
তবে রূপার গয়নার বড় একটি সমস্যা হলো, কিছুদিন ব্যবহারের পর সেটির ওপর কালচে আস্তরণ পড়ে। বাতাস, আর্দ্রতা ও বিভিন্ন রাসায়নিকের সংস্পর্শে রূপার ওপর এই কালো স্তর তৈরি হয়, যাকে ‘টার্নিশ’ বলা হয়।
রাসায়নিক পলিশ ছাড়াও ঘরোয়া কিছু পদ্ধতিতে রূপার গয়নার এই কালচে ভাব অনেকটাই দূর করা যায়। তবে দামি, পাথরযুক্ত বা বিশেষ নকশার গয়না পরিষ্কারের ক্ষেত্রে সতর্কতা জরুরি।
তরল সাবান দিয়ে পরিষ্কার
সাধারণভাবে রূপার গয়না পরিষ্কারের জন্য বাসন ধোয়ার তরল সাবান ও নরম স্পঞ্জ ব্যবহার করা যেতে পারে। গয়নার ওপর আলতোভাবে ঘষে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিন।
ধোয়ার পর নরম ও শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলতে হবে। গয়নার খাঁজ বা নকশার অংশে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখা জরুরি।
অ্যালুমিনিয়াম ফয়েল ও গরম পানি
একটি পাত্রের ভেতর অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে তাতে গরম পানি ঢালুন। এরপর রূপার গয়নাগুলো পানিতে রাখুন। কিছুক্ষণ পর কালচে আস্তরণ হালকা হয়ে গেলে গয়না তুলে নরম শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
চক পাউডারের পেস্ট
চক পাউডার পানির সঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে গয়নার ওপর লাগানো যেতে পারে। কিছুক্ষণ পর নরম কাপড় দিয়ে খুব আলতোভাবে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরে ভালোভাবে শুকিয়ে নিন।
রূপার গয়না সংরক্ষণ করবেন যেভাবে
শুধু পরিষ্কার করলেই হবে না, দীর্ঘদিন গয়না ভালো রাখতে সঠিকভাবে সংরক্ষণ করাও জরুরি।
আর্দ্রতা থেকে দূরে রাখুন: রূপার গয়না ঠান্ডা ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করা ভালো। টিস্যু বা নরম কাগজে মুড়িয়ে বায়ুরোধী ব্যাগ বা বাক্সে রাখা যেতে পারে।
সিলিকা জেল বা অ্যাক্টিভেটেড চারকোল ব্যবহার করুন: গয়নার বাক্সে সিলিকা জেল বা অ্যাক্টিভেটেড চারকোলের প্যাকেট রাখলে অতিরিক্ত আর্দ্রতা কমাতে সহায়তা করতে পারে।
অ্যান্টি-টার্নিশ কাপড় ব্যবহার করুন: রূপার গয়না অ্যান্টি-টার্নিশ কাপড়ে মুড়িয়ে রাখলে দীর্ঘ সময় কালচে হয়ে যাওয়ার ঝুঁকি কমতে পারে।
রূপার গয়না নিয়মিত পরিষ্কার ও সঠিকভাবে সংরক্ষণ করলে এর উজ্জ্বলতা অনেক দিন ধরে বজায় রাখা সম্ভব। তবে রত্নখচিত, পালিশ করা বা বিশেষ আবরণযুক্ত গয়নায় ঘরোয়া কোনো পদ্ধতি ব্যবহারের আগে জুয়েলারির পরামর্শ নেওয়া ভালো।