রবিবার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


হাইকোর্টে ৮ দিনে ৩৪৮৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৫৪ পিএম  (ভিজিট : ১০)
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৮ কার্যদিবসে পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও পুরোনো রিট মামলা মিলিয়ে মোট ৩৪ হাজার ৮৪৬টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে।

আজ শনিবার (১৮ জুলাই) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চসমূহে মোট ৬ হাজার ৩১৭টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে রিট মোশন বেঞ্চসমূহে ২৩টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়েছে। এদিন হাইকোর্ট বিভাগে একদিনে পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও পুরাতন রিট মামলা মিলিয়ে মোট ৬ হাজার ৩৪০টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, পুরোনো মামলা নিষ্পত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত ৮ কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ২৭ হাজার ৯৩৯টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৯০৭টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়েছে এবং এখন পর্যন্ত পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও পুরোনো রিট মামলা মিলিয়ে মোট ৩৪ হাজার ৮৪৬টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলাজট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি করা হচ্ছে।

এর আগে গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চসমূহের বিচারপতিরা দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও পুরোনো রিট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করেন। পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]