প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:১৪ পিএম
(ভিজিট : ২০)
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হায়দার হোসেন (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় স্বজন ও সহকর্মীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মৃত হায়দারকে হাসপাতালে নিয়ে আসা তার বোনজামাতা শুক্কুর গাজী জানান, তারা ডেসকো কম্পানিতে একই সঙ্গে চাকরি করেন। হায়দার সহকারী লাইনম্যান ছিলেন। তারা চার-পাঁচজন মিলে বনানী কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন।
কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে হায়দার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে যান। এরপর অন্য সহকর্মীদের সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পূর্ব ফুলহার গ্রামে। বাবার নাম মো. মোহসিন ফরাজি। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে উত্তর বাড্ডায় থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা তদন্ত করছে।