প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৪:১৭ পিএম
(ভিজিট : ১৪)
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন তিনি। ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তানসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।
রোববার (৬ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে নিবন্ধনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আমির ও গৌরী। বড় কোনো আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্য এবং কাছের বন্ধুদের নিয়েই উদ্যাপন করেন তারা।
আমির খানের মুখপাত্র বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বড় ছেলে জুনায়েদ খান, মেয়ে ইরা খান, ছোট ছেলে আজাদ রাও খান এবং পরিবারের অন্য সদস্যরা। এছাড়া দীর্ঘদিনের বন্ধু ও ‘লগান’ সিনেমার পরিচালক আশুতোষ গোয়ারিকার এবং অভিনেত্রী এলি আব্রামও অনুষ্ঠানে যোগ দেন।
আগেই আমির জানিয়েছিলেন, জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে নিবন্ধিত বিয়েই করবেন। পরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ছোট পরিসরে উদ্যাপনের পরিকল্পনাও ছিল তার। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়ন হয়েছে।
আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো। তবে সে সময় সম্পর্ক এগোয়নি। বহু বছর পর ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবার যোগাযোগ হয় তাদের। সেই পুনর্মিলনের পর ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। শুরুতে তারা দীর্ঘ দূরত্বের সম্পর্কে ছিলেন। পরে গৌরী মুম্বাইয়ে চলে আসেন এবং নিজের আগের সংসারের ছেলেকে নিয়ে আমিরের সঙ্গে বসবাস শুরু করেন।
২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দেন আমির খান। তখন তিনি জানিয়েছিলেন, জীবনের এই পর্যায়ে এসে নিজেকে অনেক বেশি শান্ত ও পরিপূর্ণ মনে হচ্ছে।
সেই সময় বিয়ের প্রসঙ্গে তিনি বলেছিলেন, নতুন করে বিয়ের পরিকল্পনা নেই। তবে গৌরীর সঙ্গে নিজেকে স্বস্তি ও নিরাপদ অনুভব করেন বলেও জানান। পরে সময়ের সঙ্গে সেই সিদ্ধান্ত বদলে যায় এবং গত মাসে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন তারা।
বর্তমানে গৌরী স্প্র্যাট আমির খান প্রোডাকশনসের বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনামূলক কাজে যুক্ত রয়েছেন। এর আগে তিনি একটি আন্তর্জাতিক হেয়ার কেয়ার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে জন্ম নেয় ছেলে জুনায়েদ ও মেয়ে ইরা। ২০০২ সালে বিচ্ছেদ হলেও সন্তানদের দায়িত্ব এখনো যৌথভাবেই পালন করেন তারা।
এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদের জন্ম হয় ২০১১ সালে। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও দুজনের ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক এখনো সুসম্পর্কপূর্ণ। কিরণ রাও বর্তমানে আমির খান প্রোডাকশনসের বোর্ড সদস্য এবং বিভিন্ন চলচ্চিত্র ও সামাজিক উদ্যোগে তারা একসঙ্গেই কাজ করে যাচ্ছেন।