প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৩:৩০ পিএম
(ভিজিট : ৫)
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর শেষ করে আজ রাত ৮টার দিকে দেশে ফিরবেন। এ সময় নেতাকর্মীদের পক্ষ থেকে কোনো মিছিল বা শোডাউন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছে।
শায়রুল কবির খান জানিয়েছেন, সফর সঙ্গীদের নিয়ে চীনের বেইজিং থেকে সরাসরি ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অবতরণ করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র মন্ত্রীগণ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, তার দেশে ফেরাকে কেন্দ্র করে কোনোরকম শোডাউন না করার জন্য।