মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৩১ পিএম  (ভিজিট : ৯)
ইরানের তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) জানিয়েছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) এবং সংশ্লিষ্ট পণ্য উৎপাদন, বিক্রি ও সরবরাহের সুযোগ দেওয়া হবে।

সোমবার প্রকাশিত এক লাইসেন্সে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, ইরানি উৎসের অপরিশোধিত তেল উৎপাদন, বিক্রি ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যেসব লেনদেন আগে নিষিদ্ধ ছিল, সেগুলোর সবই ২০২৬ সালের ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন ডেলাইট টাইম) পর্যন্ত অনুমোদিত থাকবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, চলমান আলোচনায় ইরানের দেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কারণে ওয়াশিংটন নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ইরান হরমুজ প্রণালিতে ‘মুক্ত ও উন্মুক্ত নৌ-চলাচল’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতিও দিয়েছে তেহরান।

স্কট বেসেন্ট বলেন, হরমুজ প্রণালিতে অবাধ চলাচল নিশ্চিত করা এবং আইএইএ পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে ইরানের অঙ্গীকারই নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার অন্যতম কারণ।

এর ফলে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন, বিক্রি এবং পরিবহনের ক্ষেত্রে আগে থেকে কার্যকর থাকা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় নিষিদ্ধ লেনদেনগুলো সাময়িকভাবে অনুমোদিত থাকবে।

সূত্র: এএফপি 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]