প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৩৫ পিএম
(ভিজিট : ৮)
এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। এ পরীক্ষার ফলের অপেক্ষায় সাড়ে ১৮ লাখ পরীক্ষার্থী। ভালো ফলের প্রত্যাশায় থাকা এসব শিক্ষার্থীরা একই সঙ্গে একাদশ শ্রেণিতে ভর্তি ও ভালো কলেজ পাওয়া নিয়ে উদ্বিগ্ন।
শিক্ষার্থীদের এমন উদ্বেগের মধ্যেই একাদশে ভর্তিতে পরীক্ষা হবে কি না, তা নিয়ে চলছে আলোচনা। ভর্তি পদ্ধতিতে পরিবর্তন আসবে নাকি একই থাকবে, তা ধোঁয়াশায় শিক্ষার্থীরা।
বিশেষ করে স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষা চালু করায় একাদশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যেও বিভ্রান্তি দেখা দিয়েছে। তারা বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা চাইছেন।
বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তারা জানিয়েছেন, একাদশে ভর্তি পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। ফল প্রকাশের পরপরই এ বিষয়ে নীতিমালা প্রকাশ করার পরিকল্পনা আছে। তখন বিষয়টি জানা যাবে।
অন্যদিকে শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা বলছেন, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের আশঙ্কা নেই। এখনো পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত হলো- আগের নিয়ম বজায় রাখা। আলাদা কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। জিপিএর ভিত্তিতে কলেজে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনের মাধ্যমেই মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী কলেজ বণ্টন করা হবে।
এদিকে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলতি সপ্তাহেই শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সভায় সবদিক বিবেচনা করে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে এবং তা আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে।
অন্যদিকে নটর ডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজের মতো মিশনারি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিবছরই নিজস্ব ব্যবস্থাপনায় লিখিত বা মৌখিক ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করে থাকে। তাই যারা এ প্রতিষ্ঠানগুলোতে পড়তে ইচ্ছুক তারা ইতোমধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আসন সংখ্যা সীমিত হওয়ায় মূল শিক্ষার্থীর সিংহভাগই তাকিয়ে আছেন কেন্দ্রীয় অনলাইন ভর্তি পদ্ধতির দিকে।
গত ২১ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়, যা শেষ হয়েছে ২০ মে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।