বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


মামদানির এক মন্তব্যেই সরগরম টেইলর-ট্রাভিসের বিয়ে আলোচনা
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৮)
বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। গত বছরের বাগ্‌দানের পর থেকেই তাদের বিয়ে কবে হবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মামদানি। সেখানে নিউইয়র্কে গ্রীষ্মকালীন বিভিন্ন বড় আয়োজনের প্রসঙ্গ টানতে গিয়ে আচমকাই টেইলর সুইফটের বিয়ের কথা উল্লেখ করেন তিনি।

মেয়র বলেন, ‘আমরা জানি এই সময়ে এনবিএতে নিউইয়র্ক নিকসের খেলা চলছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসের উদ্‌যাপন রয়েছে। একই সময়ে টেইলর সুইফটের বিয়েও হচ্ছে। সব মিলিয়ে আমরা বিশ্বের মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত।’

মামদানির এই মন্তব্য সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কারণ, এখন পর্যন্ত টেইলর সুইফট কিংবা ট্রাভিস কেলসি কেউই তাদের বিয়ের দিনক্ষণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে অনেকেই মনে করছেন, মেয়র হয়তো অনিচ্ছাকৃতভাবেই এমন একটি তথ্য প্রকাশ করে ফেলেছেন, যা এখনো গোপন রাখা হয়েছিল।

তবে পরে সাংবাদিকেরা সরাসরি জানতে চান, তিনি কি ওই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত? জবাবে হাসতে হাসতেই মামদানি বলেন, ‘না, আমি আমন্ত্রিত নই। সেখানে যাচ্ছিও না। তবে তাদের জন্য সুন্দর একটি বিয়ের শুভকামনা রইল।’

শুধু তাই নয়, মজার ছলে টেইলর সুইফটের জনপ্রিয় গান ‘অনলি দ্য ইয়ং’র কথাও উল্লেখ করেন তিনি। বলেন, ‘আমি বাড়িতে বসেই গানটি শুনব।’

এদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৩ জুলাইয়ের সপ্তাহান্তে বিয়ের পরিকল্পনা করছেন টেইলর ও ট্রাভিস। এমনকি নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠানটি আয়োজন করা হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

খবরে আরও বলা হয়েছে, যারা সম্ভাব্য অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন, তাদের অনুষ্ঠানসংক্রান্ত বিস্তারিত তথ্য জানার আগে গোপনীয়তা চুক্তি (এনডিএ) স্বাক্ষর করতে হয়েছে। অতিথি তালিকায় হলিউড ও সংগীত অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত তারকার নামও শোনা যাচ্ছে।

২০২৩ সালে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনার পর থেকেই টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি বিশ্বের অন্যতম আলোচিত তারকা জুটিতে পরিণত হন। ২০২৫ সালের আগস্টে কেলসির বিয়ের প্রস্তাবের খবর প্রকাশ্যে এলে তাদের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করে।

বিয়ের গুঞ্জনের মধ্যেই নিউইয়র্কে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে এই তারকা যুগলকে। সম্প্রতি তারা ব্রডওয়ের জনপ্রিয় নাটক ‘ওহ, ম্যারি!’ দেখতে গিয়েছিলেন। পাশাপাশি বিভিন্ন ডিনার ডেট ও ব্যক্তিগত মুহূর্তও নিয়মিত ধরা পড়ছে পাপারাজ্জিদের ক্যামেরায়।

যদিও বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি টেইলর বা ট্রাভিস, তবু মামদানির এক মন্তব্যেই নতুন করে সরগরম হয়ে উঠেছে তাদের বিয়ের আলোচনা। এখন দেখার বিষয়, জুলাইয়ের শুরুতেই কি সত্যিই বসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই তারকাবিয়ের আসর।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]