প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:০৭ পিএম আপডেট: ১৫.০৬.২০২৬ ৮:২৩ পিএম (ভিজিট : ১২)
প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের দেশের উন্নয়নে কাজ করার আহ্বান করেছেন বলে জানিয়েছেন নিউজ টোয়েন্টিফোরের হেড অফ নিউজ শরিফুল ইসলাম খান। এ সময় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন বলে জানিয়েছেন তিনি।
আজ সোমবার (১৫ জুন) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন শরিফুল ইসলাম খান। তিনি বলেন, আমরা সাংবাদিকতার যে সংকট সেই সংকটের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। সম্ভবনার কথাও বলেছি। প্রধানমন্ত্রী তার সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন।
শরিফুল ইসলাম খান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, কোনো সাংবাদিককে বিএনপি বা দলের পক্ষ হয়ে কাজ করার দরকার নেই। দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, সামগ্রিক গণ মানুষের উন্নয়নের জন্য ফোকাস করতে হবে।’
দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, আমরা দেশটাকে লন্ডন, সিঙ্গাপুর বানাতে চাই না। কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের আমলে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে সেই আবর্জনা মুক্ত করে ধীরে ধীরে কিছুটা ভালোর পথে এগিয়ে নিতে চাই।’
এ সময় সাংবাদিক এবং সাংবাদিকতার সংকটের জায়গাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।