রবিবার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


হজের আবহাওয়া নিয়ে আগাম সতর্কতা জারি করল সৌদি আরব
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৫১ পিএম  (ভিজিট : ১৭১)
আগামী ২৫ মে থেকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। এর আগেই লাখ লাখ মুসল্লি সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন। এই আবহেই দেশটির বেশ কয়েকটি অঞ্চলে তীব্র দিনের গরম এবং ধূলিঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়ে সতর্কবার্তা জারি করেছে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।

আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, সৌদির নাজরান, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ, উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা, আল-জৌফ এবং তাবুকের কিছু অংশে ধূলি ও বালুঝড়সহ ভূপৃষ্ঠের বাতাস বয়ে যেতে পারে। এছাড়া জাজান, আসির, আল-বাহা এবং মক্কার পার্বত্য অঞ্চলের কিছু অংশে বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, মদিনা, মক্কা এবং পবিত্র স্থানগুলোকে সংযোগকারী সড়কগুলোতে যেখানে বর্তমানে হাজিদের ব্যাপক চলাচল রয়েছে, যেখানে দিনের বেলা আবহাওয়া স্থিতিশীল থাকলেও পরিস্থিতি গরম থেকে তীব্র গরম হতে পারে। এ সময় মক্কায় তাপমাত্রা সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এর সাথে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং উন্মুক্ত এলাকাগুলোতে ধূলিমিশ্রিত বাতাস বয়ে যেতে পারে।

সৌদি প্রেস এজেন্সি এর আগে এক প্রতিবেদনে জানায়, আবহাওয়া কেন্দ্র থেকে হাজি ও ভ্রমণকারীদের যাত্রা শুরুর আগে তাদের যানবাহন প্রস্তুত রাখার, নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার এবং পানিশূন্যতা এড়াতে প্রচুর পরিমাণে তরল খাবার বা পানি পানের অনুরোধ জানানো হয়েছে।

এ বছর পবিত্র হজের জন্য মক্কায় অন্তত ১৬ লাখ হাজির সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহত্তম এই ধর্মীয় জমায়েতের কারণে সেখানকার আবহাওয়া ও নিরাপত্তা পরিস্থিতির ওপর তীব্র নজর রাখা হচ্ছে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]