শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


ফরিদপুরে আপন ছোট ভাইকে গুলি করে হত্যা করলেন আওয়ামী লীগ নেতা
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:০১ পিএম  (ভিজিট : ১৯২)
ফরিদপুরে আওয়ামী লীগ নেতার গুলিতে তার আপন ছোট ভাই মিন্টু (৫৫) নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জেলার বোয়ালমারী উপজেলার বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় লোকজন ডা. গোলাম কবির (৭২) নামের ওই আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

অভিযুক্ত বড় ভাই জেলা কৃষক লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্যবিষয়ক সাবেক সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বহু বছর ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে গোলাম কবির ছোট ভাই মিন্টুকে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেটে ডেকে নিয়ে যান। সেখানে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাম কবির শটগান দিয়ে পরপর ছয়টি গুলি করলে মিন্টু মারা যান। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা গোলাম কবিরকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির গাড়িটিও ক্ষুব্ধ জনতা ভাঙচুর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেইন বলেন, ২০ থেকে ২২ বছর ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে আজ সকালে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাম কবির তার লাইসেন্স করা শটগান বের করে ছোট ভাইকে গুলি করেন এবং ঘটনাস্থলেই ওই ভাই মারা যান। পরে স্থানীয় লোকজন গোলাম কবিরকে আটকে রেখে পুলিশে দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত বড় ভাই জেলা কৃষক লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্যবিষয়ক সাবেক সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]