প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:৫৪ পিএম
(ভিজিট : ৭)

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা থেকে হোসাইন ঢালী (৫) নামের অপহৃত এক শিশুকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া শিশু হোসাইন ঢালী গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের মো. হক মিয়া ঢালীর ছেলে।
পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে বাড়ির সামনে ইউনিয়ন পরিষদ মাঠে খেলাধুলা করছিল হোসাইন। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পাশের একটি ডকইয়ার্ডের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি শিশুটিকে নিয়ে যাচ্ছেন। ফুটেজ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা হয়।
শিশুটির মা বিউটি আক্তার জানান, ঘটনার সময় তিনি বাবার বাড়িতে ছিলেন। পরে ছেলের নিখোঁজ হওয়ার খবর পান। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, তার ছোট খালার স্বামী উজ্জ্বল শিশুটিকে নিয়ে গেছেন।
শিশুটির চাচা মামুন জানান, ওইদিন রাত ১২টার দিকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত উজ্জ্বল শিশুটিকে এক বন্ধুর কাছে রেখে পালিয়ে যায়। পরে ওই ব্যক্তির কাছ থেকে হোসাইনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, ‘অভিযোগ পাওয়ার পর থেকেই অপহরণকারীর অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের প্রায় ১২ ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’
তিনি আরো জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।