বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


বাগেরহাটে যুবদল নেতার বসতবাড়িতে আগুন, ক্ষয়ক্ষতির দাবি ১০ লাখ টাকা
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম  (ভিজিট : ৩৩১)
বাগেরহাটে যুবদল নেতা মো. আলীমুজ্জামান রানার বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে তার বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ক্ষতিগ্রস্তের দাবি, আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘুমের মধ্যেই আগুন

আলীমুজ্জামান রানা বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তিনি জানান, রোববার রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে কাঠ ও টিনশেডের বসতঘরের চারপাশে আগুন ধরিয়ে দেয়।

তিনি বলেন, “আগুনের ধোঁয়ায় আমাদের ঘুম ভেঙে যায়। তখন প্রাণ বাঁচাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসি। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।”

পরে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র ও অন্যান্য গৃহস্থালি সামগ্রী সম্পূর্ণ পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।

আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের অভিযোগ

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, আগুনে বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, “ভুক্তভোগী রানা অভিযোগ করেছেন, তার প্রতিপক্ষরা রাতের অন্ধকারে বাড়িতে আগুন দিয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”

পাল্টাপাল্টি হামলা, ভাঙচুরের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট-পরবর্তী রাতে ও সকালে মান্দ্রা গ্রামে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে জামায়াত ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের অন্তত ১৫টি বসতবাড়ি ভাঙচুর ও তছনছ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]