সোমবার ৯ মার্চ ২০২৬ ২৫ ফাল্গুন ১৪৩২
 
শিরোনাম:


ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দেওয়ার ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তাসহ ৩ জন প্রত্যাহার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : )
ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনের একটি ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দেওয়ার ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা ও দুই পোলিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন।

উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে অভিযোগ ওঠে, সকাল থেকে ভোটারদের গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যেই ব্যালটে সিল মেরে বাক্সে ফেলতে বাধ্য করা হচ্ছিল। সংশ্লিষ্টদের দাবি, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি ঠেকাতে কোনো কার্যকর ব্যবস্থা নেননি।

দীপালি আক্তার নামের এক নারী ভোটার অভিযোগ করেন, নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে বাড়িঘর ভাঙচুরের হুমকি দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, “তাঁরা দেখতেছে, আমরা ভোট কই দেই। তাইলে এখানে গোপনে ক্যারে; পর্দা দিছে কেরে—ভোট দোহায়া দিবার লাইগ্যা? যার যেহান ইচ্ছা, হেইনে ভোট দিব।”

এই কেন্দ্রে মোট ছয়টি বুথে ২ হাজার ৮৭৬ জন ভোটার রয়েছেন, নারী ও পুরুষ সমানসংখ্যক—১ হাজার ৪৩৮ জন করে। সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় পড়ে ৪৩০টি ভোট। পরে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়ে ৯২০টি।

কেন্দ্রে সব প্রার্থীর এজেন্ট উপস্থিত ছিলেন না। বিএনপি ও গণ অধিকার পরিষদের এজেন্টরা সব বুথে থাকলেও দুটি বুথে এনসিপি এবং একটি বুথে বিএনপির বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের এজেন্ট ছিলেন।

স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট এশফাকুর রহমান অভিযোগ করেন, সকালে কেন্দ্রে গেলে ধানের শীষ প্রতীকের সমর্থকেরা তাঁদের ছয় এজেন্টকে মারধর করে বের করে দেন। পরে সেনাবাহিনীর সহায়তায় কেন্দ্রে ঢুকলেও বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আবার বেরিয়ে যেতে বাধ্য করা হয়।

তবে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মজিবুর রহমান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ভোট শুরুর সময় ধানের শীষ ও ট্রাক প্রতীকের এজেন্ট ছিলেন, পরে স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির এজেন্ট যোগ দেন। এজেন্টদের বের করে দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলেও দাবি করেন। প্রকাশ্যে ভোট দেওয়ার ঘটনাও তাঁর চোখে পড়েনি বলে জানান।

ইউএনও ফিরোজ হোসেন বলেন, ভোট অবশ্যই গোপনে দেওয়ার নিয়ম। কিন্তু প্রকাশ্যে ভোট দেওয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যবস্থা না নেওয়ায় তাঁদের সরিয়ে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর মধ্যেই উপজেলার ভালুকা সরকারি কলেজ কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ৭০ বছর বয়সী আজিজুর রহমান বলেন, “১৭ বছর ভোট দিতে পারিনি। এবার সুযোগ এসেছে, তাই দেরি করিনি। একসঙ্গে দুইটা ভোট দিতে পেরে ভালো লাগছে।”

সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর আগেই ওই কেন্দ্রে নারী ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তহুরা খাতুন নামের এক ভোটার জানান, তিনি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং গণভোটে ‘হ্যাঁ’ দিয়েছেন। তাঁর মতে, পরিবেশ ভালো, শান্তিতে ভোট দিতে পারছেন।

ঝামেলা এড়াতে সকালে ভোট দিতে আসেন কাউসার মাহমুদ। তিনি বলেন, এখন পর্যন্ত পরিবেশ ভালো, সবাই শান্তিপূর্ণ ভোট আশা করছেন। ২০২২ সালে ভোটার হওয়া হাফেজ আহমেদ প্রথমবার ভোট দিয়ে আনন্দ প্রকাশ করে বলেন, “দুইটা ভোট দিতে কষ্ট হবে ভাবছিলাম, কিন্তু সহজেই দিতে পারলাম”—এ আনন্দকে তিনি ইদের সঙ্গে তুলনা করেন।

সারাদেশের মতোই বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। দীর্ঘদিন পর অংশগ্রহণমূলক এই নির্বাচনে নারী-পুরুষের পাশাপাশি নতুন ভোটারদের উপস্থিতিও উল্লেখযোগ্য।

জেলায় ৫৮৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ১০৮টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তবে সকাল থেকে এখন পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।

এবার ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের ১ হাজার ৩৬৫টি ভোটকেন্দ্রে ৪৭ লাখ ৬৪ হাজার ৯৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ২৪ লাখ ৬ হাজার ৮৯২ জন, নারী ২৩ লাখ ৫৭ হাজার ১৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪১ জন। জেলায় নতুন ভোটার যুক্ত হয়েছেন ২ লাখ ৫৩ হাজার। 








আরও খবর


 সর্বশেষ সংবাদ

৩৭ হাজার ৫৬৭ নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড ভাতা দেওয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী
পারস্পরিক সংস্কৃতির বিনিময় মানুষে-মানুষে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করে: সংস্কৃতি মন্ত্রী
ঈদের সিনেমার ট্রেলারের চেয়েও আমার কনটেন্ট বেশি সাড়া পাচ্ছে: জায়েদ খান
বাংলাদেশ থেকে মব সংস্কৃতি নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
‎সালথায় পেঁয়াজ বিক্রি করেই লোকসান গুনছেন কৃষকগণ, ‎উৎপাদন খরচ পাচ্ছেনা
চার জেলার স্বাস্থ্যসেবা দিচ্ছে শেরপুর সদর হাসপাতাল
সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন
দালাল ধরতে রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের বিশেষ অভিযান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com